আট মাস আগে সড়ক পাকা করার জন্য মাটি কাটা হয়। এরপর শুরু হয় বালু ফেলার কাজ। কিন্তু নিম্নমানের উপকরণ ব্যবহারের কারণে কাজে বাধা দেন এলাকাবাসী। এর পর থেকে ঠিকাদার আর ওই সড়কের কাজ শুরু করেননি।
এর মধ্যে শুরু হয় বর্ষা মৌসুম। এতে সড়কে পানি জমে এক কিলোমিটার এলাকা কাদায় ভরে গেছে। সড়ক দিয়ে হাঁটাও দায় হয়ে পড়েছে। এ অবস্থা কুমিল্লার বরুড়া উপজেলার ফরিদপুর-মহিদপুর সড়কের।
স্থানীয় বাসিন্দা ও ছোট তুলাগাঁও মহিলা কলেজের রসায়ন বিভাগের প্রভাষক রানা শীল বলেন, কাঁচা সড়ক ছিল, ভালোই ছিল, অন্তত হাঁটা যেত। এখন সড়কের অবস্থা খুবই নাজুক, হাঁটাও যাচ্ছে না। কাদা আর কাদা।
এলাকাবাসী ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ সালে ফরিদপুর থেকে ফেনুয়া পর্যন্ত ২০০ মিটার সড়কে ইট বিছানো হয়। কিন্তু সেগুলো টেকেনি। এ অবস্থায় ২০২০-২১ অর্থবছরে ফরিদপুর থেকে মহিদপুর পর্যন্ত এক কিলোমিটার কাঁচা সড়কটি পাকা করার জন্য প্রকল্প নেওয়া হয়। কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ভূঁইয়া এন্টারপ্রাইজ।
গত বছরের ডিসেম্বরে সড়কটি পাকা করার জন্য মাটি কাটা হয়। এরপর ইট বসিয়ে বালু দিয়ে সড়ক পাকা করার কথা। কিন্তু ঠিকাদার নিম্নমানের বালু ফেলার কারণে এলাকাবাসী তাতে বাধা দেন। এর পর থেকে কাজ আর শুরু হয়নি। বৃষ্টির পানি জমে কাদায় একাকার হয়ে গেছে সড়ক।
সম্প্রতি ওই সড়ক ঘুরে দেখা গেছে, ফরিদপুর অংশে কাদা স্তূপের মতো জমে আছে। ফেনুয়া গ্রামের মন্দিরের সামনে গর্ত হয়ে গেছে। অথচ এই সড়ক দিয়ে আশপাশের অন্তত ১০টি গ্রামের বাসিন্দাদের উপজেলা সদর, ঝলম ও আড্ডা এলাকায় যেতে হয়।
ঝলম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ফরিদপুর গ্রামের বাসিন্দা মো. মফিজুল ইসলাম বলেন, কাজ বন্ধ আছে। ঠিকাদারকে কল দিলে তিনি ধরেন না। ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বলেন, দ্রুত সড়কটির সংস্কার করা দরকার।
ঠিকাদার সফিকুর রহমান জানান, বৃষ্টি শেষ হলে কাজ শুরু করবেন। বরুড়া উপজেলা প্রকৌশলী ফুয়াদ আহমেদ বলেন, নিম্নমানের বালু ফেলার কারণে কাজ বন্ধ করে দেওয়া হয়। ঠিকাদারকে শর্ত মোতাবেক বালু ফেলার জন্য বলা হয়েছে। কিন্তু তিনি আর কাজটি শুরু করেননি। বিধিমোতাবেক ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।