রাজবাড়ীর গোয়ালন্দে একটি খালের ওপর নির্মিত সেতুর নিচ থেকে মাটি ধসে যাওয়ায় সেতুর মাঝবরাবর দেবে গেছে। সেতুর একাধিক স্থানে বড় ফাটলও দেখা গিয়েছে। দুই সপ্তাহ ধরে এমন পরিস্থিতি হওয়ায় ভারী যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে। তবে ঝুঁকি নিয়ে এখনো হালকা যান চলাচল অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা আশ্রয়ণ ইউজেড-আরএইচডি (পিয়ার আলী মোড়) সড়কটি এলজইডির অধীন। ২০১১-১২ অর্থবছরে তেনাপচা খালের ওপর প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে ১২ মিটার দৈর্ঘের বক্স কালভার্ট ধরনের সেতুটি নির্মাণ করা হয়।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, সেতুটির মাঝখানে এবং এক পাশ ভেঙে দেবে গেছে। সেতুর নিচে একাধিক স্থানে ফাটল দেখা গেছে। সেতুর এক পাশের সংযোগ সড়কের বেশ খানিকটা মাঠিও সরে গেছে। এই অবস্থায় ঝুঁকি নিয়ে মাহেন্দ্র, রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেলের মতো হালকা যান এবং পথচারীরা আসা–যাওয়া করছে।
স্থানীয় ব্যক্তিরা জানান, বছর দুয়েক আগে পাউবোর তত্ত্বাবধানে খালটির খননকাজ করা হয়। পর্যাপ্ত জায়গা ও ঢালু না রেখে খাল খনন করা হয়। এমনকি সেতুসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে গার্ডার, সিসি ব্লক, জিও ব্যাগসহ প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থার প্রয়োজন থাকলেও করা হয়নি। ফলে গত দুই বছরে বর্ষাকালে খাল দিয়ে পানি প্রচণ্ড বেগে প্রবাহিত হওয়ায় সেতুর নিচে এবং পাশ থেকে মাটি ধসে যায়। এলাকার প্রায় এক কিলোমিটারজুড়ে খালের দুই পাশ বেশি ধসে পড়ে। ছয়–সাতটি পরিবার অন্যত্র সরে যেতে বাধ্য হয়।
দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম বলেন, যেকোনো মুহূর্তে সেতুটির সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। অনতিবিলম্বে সেখানে নতুন করে সেতু নির্মাণের দাবি জানান তিনি।
উপজেলা প্রকৌশলী বজলুর রহমান খান বলেন, খাল খননের কারণে পাকা সড়কের অনেক স্থানে ধসে গেছে। জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ১৬ নভেম্বর নির্বাহী প্রকৌশলীকে চিঠি দিয়ে জানানো হয়েছে।