লালমনিরহাট সদর
মাঠে দেড় বছর ধরে বৈদ্যুতিক খুঁটির স্তূপ
অল্প কিছু দিনের জন্য বিদ্যালয়ের মাঠটিতে কিছু বৈদ্যুতিক খুঁটি রাখার জন্য মৌখিকভাবে অনুমতি নেয় ওই ঠিকাদার। পরে সেগুলো সরাননি।
লালমনিরহাট সদর উপজেলার ফুলগাছ আদর্শ উচ্চবিদ্যালয়ের মাঠে প্রায় দেড় বছর ধরে বৈদ্যুতিক খুঁটি স্তূপ করে রাখা হয়েছে। নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) নিযুক্ত ঠিকাদার প্রতিষ্ঠান এ খুঁটিগুলো রেখেছে। এতে বিদ্যালয়টির প্রায় ২৫০ শিক্ষার্থীসহ আশপাশের বিভিন্ন গ্রামের শিশু-কিশোরেরা মাঠে খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, অল্প কিছু দিনের জন্য মাঠটিতে কিছু বৈদ্যুতিক খুঁটি রাখার জন্য মৌখিকভাবে অনুমতি নেয় ওই ঠিকাদার। প্রায় দেড় বছর হতে চলল। কিন্তু নেসকোর ঠিকাদারের লোকজন মাঠ থেকে খুঁটিগুলো সরায়নি।
গতকাল বুধবার দুপুরে মোগলহাট ইউনিয়নের ফুলগাছ বিদ্যালয় গিয়ে দেখা যায়, মাঠে শুধু বৈদ্যুতিক খুঁটির স্তূপ নয়, বিদ্যালয়টির নির্মাণাধীন একটি বহুতল ভবনের নির্মাণসামগ্রী, ইট, বালুসহ অন্য সহায়ক উপকরণ রাখা হয়েছে। এলাকার লোকজনও মাঠটিতে বাঁশ ও খড়ের গাদা রেখেছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী ও আশপাশের লোকজন বলেন, করোনার সময় ওই খুঁটিগুলো বিদ্যালয়ের মাঠে রাখা হয়। তখন স্কুল বন্ধ থাকায় তেমন সমস্যা হয়নি। খুঁটিগুলো মাঠে রাখায় খেলা বন্ধ হয়ে যায়। এ সুযোগে আশপাশের লোকজনও মাঠে খড়, ধান রাখা শুরু করে।
অষ্টম শ্রেণির এক ছাত্র বলে, তারা স্কুল শেষ করে আগে দল বেঁধে ক্রিকেট খেলত। এখন তা হয় না।
ফুলগাছ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমিত্রা রানী বলেন, নেসকোর কর্তৃপক্ষের কাছে বিদ্যালয়ের মাঠ থেকে বৈদ্যুতিক খুঁটির স্তূপ দ্রুত সরিয়ে নিতে বলেছেন। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও মোগলহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাবিবুর রহমানকে বিষয়টি জানিয়েছেন।
হাবিবুর রহমান বলেন, ২০২১ সালের প্রথম দিকে যখন অল্প সময়ের কথা বলে বিদ্যালয় মাঠে বৈদ্যুতিক খুঁটিগুলো রাখা হয়েছে, তখন করোনার জন্য বিদ্যালয় বন্ধ ছিল। এখন সেই সমস্যা নেই, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে গেছে। নিয়মিত ক্লাস হচ্ছে। এখন বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠটিতে টিফিন পিরিয়ডে এবং বিদ্যালয় ছুটির পরে খেলাধুলা করতে চায়। কিন্তু বৈদ্যুতিক খুঁটি রাখায় তা করা যাচ্ছে না।
সাব-ঠিকাদার মশিউর রহমান বলেন, এসব সরাতে তিন-চার মাস সময় লাগতে পারে।
জেলা নেসকোর বিক্রয় ও বিতরণ বিভিন্ন নির্বাহী প্রকৌশলী প্রশান্ত কুমার রায় বলেন, তিনি সাব-ঠিকাদারকে ওই বিদ্যালয় মাঠে রাখা বৈদ্যুতিক খুঁটিগুলো দ্রুত সরিয়ে নিতে বলবেন।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, বিদ্যালয়ের কর্তৃপক্ষকে যথাসম্ভব দ্রুত বিদ্যালয়ের মাঠ থেকে বৈদ্যুতিক খুঁটির স্তূপসহ অন্য সব কিছু সরাতে পদক্ষেপ নিতে বলেছেন।