গাইবান্ধা বালক উচ্চবিদ্যালয়
মাঠে নির্মাণসামগ্রী, খেলাধুলা বন্ধ
আশপাশে কয়েকটি বাড়ির নির্মাণকাজ চলছে। বাড়ির মালিকেরা মাঠে নির্মাণসামগ্রী রাখছেন।
গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠজুড়ে রাখা হয়েছে নির্মাণসামগ্রী। মাঠজুড়ে ছড়িয়ে আছে ইট, পাথর, বালু ও খোয়ার স্তূপ। মাঠের মাঝে পানি জমে সেখানে শেওলা পড়েছে। ফলে প্রায় দুই বছর ধরে শিক্ষার্থী ও আশপাশের ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারছে না। স্থানীয় লোকজন বলেন, আশপাশে কয়েকটি বাড়ির নির্মাণকাজ চলছে। বাড়ির মালিকেরা মাঠে নির্মাণসামগ্রী রাখছেন।
গাইবান্ধা শহরের গোরস্থান রোড ঘেঁষে উত্তর পাশে বিদ্যালয়টি স্থাপিত। বিদ্যালয়ের অভ্যন্তরে একটি মাঠ আছে। মাঠটি ঠিকঠাক আছে। সীমানাপ্রাচীরের বাইরেও বিদ্যালয়ের আরেকটি খেলার মাঠ। সে মাঠটি গোরস্থান রোড ঘেঁষে দক্ষিণ পাশে। এটি বিদ্যালয়ের মূল ভবন থেকে প্রায় ২০০ গজ দূরে এবং জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ের সামনে অবস্থিত। এ মাঠের চারপাশে প্রাচীর না থাকায় তা নির্মাণসামগ্রী ফেলে দখল করা হয়েছে।
গত সোমবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, উদীচী কার্যালয়ের সামনের মাঠজুড়ে নির্মাণসামগ্রী রাখা হয়েছে। কয়েক জায়গায় ইট, পাথর, বালু ও খোয়ার স্তূপ। আবর্জনা ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে। মাঠে শিক্ষার্থীদের খেলার জন্য তৈরি করা দোলনা ও ফুটবল খেলার গোলবার নষ্ট হয়ে যাচ্ছে। মাঠের মাঝামাঝি পানি জমে আছে। ফলে সেখানে খেলাধুলা বন্ধ রয়েছে।
স্থানীয় লোকজন জানান, প্রায় দুই বছর ধরে মাঠে এসব নির্মাণসামগ্রী রাখা হয়েছে। করোনার সময় বিদ্যালয় বন্ধ হয়ে যায়। এ সময়টাতে বিদ্যালয় কর্তৃপক্ষের সে রকম নজরদারি ছিল না। সে সুযোগে এসব নির্মাণসামগ্রী এখানে রাখা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাড়ির মালিক বলেন, করোনার কারণে বিদ্যালয় বন্ধ ছিল। মাঠ ফাঁকা ছিল। সড়কে নির্মাণসামগ্রী রাখলে যানজট হয়। তাই বাড়ির কাজের জন্য আনা বালু, ইট মাঠে রেখেছেন। এ ছাড়া রাখার কোনো জায়গা ছিল না। এখন বিদ্যালয় খুলেছে, সবকিছু সরানো হবে।
কয়েকজন শিক্ষার্থী জানায়, টিফিনের সময় মূল মাঠে সবাই একসঙ্গে খেলতে পারে না। তাই অন্য মাঠে অনেকে খেলাধুলা করত। সেখানে ইট, বালু, পাথর রাখা হয়েছে। করোনা–পরবর্তী সময়ে ক্লাস শুরু হলেও তারা খেলতে পারছে না। বিষয়টি শিক্ষকদের জানিয়েও কাজ হচ্ছে না।
শহরের গোরস্থান রোডের বাসিন্দা ও জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সহসভাপতি চুনি ইসলাম বলেন, তিনি ছোটবেলা থেকে দেখছেন, শিক্ষার্থীরা এ মাঠে টিফিনের সময় খেলাধুলা করে। বিকেলে আশপাশের শিশুরা খেলে। বিভিন্ন দিবসে সন্ধ্যায় এখানে উদীচীর সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। দুই বছর ধরে খেলাধুলা বন্ধ রয়েছে।
ব্যবসায়ী সাজ্জাদ চৌধুরী বলেন, এ মাঠের একদিকে শিক্ষাপ্রতিষ্ঠান ও উদীচীর কার্যালয়, তিন দিকে বসতবাড়ি। সন্ধ্যায় ফাঁকা মাঠে এলাকার নারী-পুরুষ এখানে হাঁটাহাঁটি করতেন। কিন্তু নির্মাণসামগ্রী রাখায় সবকিছু বন্ধ হয়ে গেছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয়টি ১৮৮৫ সালে স্থাপিত হয়। এখানে ৫৭ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। ছাত্রসংখ্যা প্রায় ১ হাজার ২৫০। উদীচীর সামনে মাঠটি ১ একর ৭৩ শতক জায়গায় অবস্থিত।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক সাহানা বানু প্রথম আলোকে মুঠোফোনে বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নির্মাণসামগ্রী রাখা হয়নি। রাতের আঁধারে রাখা হয়েছে। কে বা কারা রেখেছে, তা তাঁদের জানা নেই। এগুলো সরানোর জন্য স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কাজ হয়নি।
গাইবান্ধা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহীদ আহম্মেদ বলেন, যাঁরা মাঠে নির্মাণসামগ্রী রেখেছেন, তাঁদের সঙ্গে তিনি কথা বলেছেন। কেউ মাঠে এসব রেখে ব্যবসা করছে না। মাঠ থেকে নির্মাণসামগ্রী সরানোর জন্য সবাইকে (যাঁরা রেখেছেন) তাগাদা দেওয়া হচ্ছে। দ্রুত না সরালে প্রশাসনের সহায়তা চাওয়া হবে।