মাঠে পড়ে ছিল প্রবাসী যুবকের গলাকাটা লাশ
নরসিংদী সদর উপজেলার আমদিয়াতে নিখোঁজের পরদিন একটি মাঠে পড়ে ছিল প্রবাসী যুবকের গলাকাটা লাশ। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের ভূঁইয়ম গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
লাশ উদ্ধার হওয়া যুবকের নাম মো. কাইয়ুম মিয়া (৩৫)। তিনি সদর উপজেলার মাধবদী থানার আমদিয়ার ভূঁইয়ম গ্রামের বীর মুক্তিযোদ্ধা রশিদ মিয়ার ছেলে। দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি তিনি দেশে ফেরেন।
বীর মুক্তিযোদ্ধা রশিদ মিয়া বলেন, ‘আমার ছেলেকে কারা এভাবে হত্যা করল, এখনো বুঝতে পারছি না। তাঁর সঙ্গে কারও কোনো শত্রুতা থাকার কথাও শুনিনি। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’
নিহত কাইয়ুমের পরিবারের সদস্যরা বলছেন, গতকাল রোববার সকালে কাইয়ুম মিয়া ব্যক্তিগত একটি কাজে বেলাবতে গিয়েছিলেন। রাত সাড়ে আটটার দিকে তাঁর সঙ্গে সর্বশেষ কথা হয় তাঁদের। রাত নয়টার পর থেকে কাইয়ুমের সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না। রাতে বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে তাঁকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। আজ সকাল সাড়ে আটটার দিকে বাড়ির পাশের একটি মাঠে তাঁর লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় পুলিশি তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান। থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ হোসেন বলেন, গলাকাটা অবস্থায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা, কী কারণে তাঁকে এভাবে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।