মাতৃস্নেহে বেড়ে উঠছে ওরা

স্বপন ইসলামের বয়স ১১ বছর। বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার খারমি গ্রামে। তাঁর বাবা ছিল না। মা ফিরোজা খাতুন ছিলেন পোশাকশ্রমিক, যিনি রানা প্লাজা ধসে মারা যান। মাকে হারিয়ে অসহায় হয়ে পড়ে স্বপন। পরে অরকা হোমস নামের একটি প্রতিষ্ঠানে বেড়ে উঠছে স্বপন। সে এখন চতুর্থ শ্রেণিতে পড়ছে। স্বপন বলে, ‘এখানে বাবা-মার মতো আদর পাচ্ছি। ভালো আছি।’
রংপুরের পীরগাছা উপজেলার অভিরাম গ্রামের আল আমিনের জীবনও স্বপনের মতো। তার বাবা মারা যাওয়ার পর মা ফাতেমা খাতুন রানা প্লাজায় পোশাকশ্রমিকের কাজ করে সংসার চালাতেন। কিন্তু রানা প্লাজা ধসে ফাতেমা মারা যাওয়ার পর সেও অসহায় হয়ে পড়ে। আল আমিনের ঠিকানাও এখন অরকা হোমস। আল আমিন বলে, ‘আমি এখন চতুর্থ শ্রেণিতে পড়ছি। ভালো পরিবেশে থাকছি।’
স্বপন ও আল আমিনের মতো মা দুলালি বেগমকে হারিয়েছে গাইবান্ধা সদর উপজেলার ধানঘড়া গ্রামের আলিফ হাসান। পঞ্চম শ্রেণির ছাত্র আলিফ বলে, ‘দুই বছর ধরে অরকা হোমসে ভালোই আছি। মায়ের মতো ভালোবাসা পাচ্ছি। ভালো পরিবেশে বসবাস করছি। খাবারও উন্নত।’
শুধু স্বপন, আল আমিন ও আলিফই নয়; তাদের মতো রানা প্লাজার ভবনধসে মা-বাবা হারিয়েছে বিভিন্ন জেলার এমন ৪৪ জন শিশু অরকা হোমসে মাতৃস্নেহে বেড়ে উঠছে। তাদের লেখাপড়াসহ পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে অরকা হোমস (ওল্ড রাজশাহী ক্যাডেট অ্যাসোসিয়েশন) নামের গাইবান্ধার এই প্রতিষ্ঠান। বিজিএমইএর সহায়তায় প্রতিষ্ঠানটি শিশুদের লেখাপড়া ও থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে।
গাইবান্ধার অরকা হোমস কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২২ ডিসেম্বর ফুলছড়ির কঞ্চিপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে অরকা হোমস গড়ে ওঠে। প্রায় ৯০ লাখ টাকা ব্যয়ে তিন তলাবিশিষ্ট ভবন নির্মাণ করা হয়। এখানে উন্নত পরিবেশে ৪৪ জন শিশু বসবাস করছে। এর মধ্যে ২৩ জন ছেলে ও ২১ জন মেয়ে। শিশুদের মধ্যে ২৮ জন দুই বছর ধরে ও ১৬ জন প্রায় এক বছর ধরে এখানে বসবাস করছে। এসব শিশু অরকা হোমস-সংলগ্ন হোসেনপুর মুসলিম একাডেমিতে প্লে থেকে ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করছে।
গত শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, অরকা হোমসের সামনে খেলার মাঠ। সেখানে শিশুরা আনন্দ-উল্লাস করে খেলাধুলা করছে। ভবনের ভেতরে টাইলস লাগানো কক্ষ, উন্নত শয্যা ও টয়লেটের ব্যবস্থা। খাবারের পৃথক ব্যবস্থা। নিচতলায় রয়েছে লাইব্রেরি ও বিনোদনের ব্যবস্থা। তিন তলা ভবনে ছেলেরা এবং পাশেই নবনির্মিত দ্বিতল ভবনে মেয়েশিশুরা থাকে। পাশেই রয়েছে হোসেনপুর মুসলিম একাডেমি।
তোমরা কেমন আছ, জানতে চাইলে দিনাজপুরের মহেশপুর এলাকার মরিয়ম খাতুন বলে, ‘ভবনধসে মাকে হারিয়েছি। এখানে ভালো আছি। লেখাপড়া শিখে প্রকৌশলী হব।’ ফরিদপুরের সাতভাঙ্গিয়া গ্রামের আফসানা আক্তার বলে, ‘ওই ঘটনার পর থেকে মা বিউটি বেগমকে খুঁজে পাইনি। বাবা শ্রমিকের কাজ করেন। তিনি আমাদের খোঁজ নেন না। অরকা হোমস আমার থাকা-খাওয়া ও লেখাপড়ার দায়িত্ব নিয়েছে। আমার ছোট ভাই আবদুল্যাহ মিয়া আমার সঙ্গে এখানে থাকে। সে তৃতীয় শ্রেণিতে পড়ে। আমি পঞ্চম শ্রেণিতে পড়ছি। আমরা ভালো আছি।’ তাদের মতো প্রায় সবাই এখানে ভালো থাকার কথা জানায়।
অরকা হোমসের তদারকির দায়িত্বে নিয়োজিত হোসেনপুর মুসলিম একাডেমির উপাধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন, সাতজন কর্মকর্তা-কর্মচারী শিশুদের তদারক করছেন। এখানে বসবাসকারী শিশুদের লেখাপড়া শেষ করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি মেয়েদের বিয়ের ব্যবস্থা করা হবে। শিশুরা যেন মা-বাবার কাছ থেকে পাওয়া স্নেহ-ভালোবাসার মতো আদরই পায়, সে জন্য খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা করা হয়েছে।