কখনো মাছ শিকার, কখনো খেতখামারে দিনমজুরি করে জীবন চালান বিকাল দাস (৪২)। স্ত্রী-সন্তানদের নিয়ে থাকার জন্য ১৬ হাজার টাকা ঋণ নিয়ে পুরোনো ভাঙাচোরা টিনের ঘরটি মেরামত করেছিলেন তিনি। কিন্তু আগুনে পুড়ে ছাই হয়েছে সেই ঘর। হারিয়েছেন মাথা গোঁজার ঠাঁই। মাথার ওপর ছাদ না থাকলেও ঋণের বোঝা ঠিকই আছে তাঁর।
গত রোববার রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া বড় করিমপুর এলাকায় ধর্ম অবমাননার অভিযোগে উত্তেজিত জনতা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর আগুনে পুড়িয়ে দেয়। এতে বিকাল দাসের মতো অনেকেই গৃহহীন হয়ে পড়েন। ঘর না থাকলেও ঘর বানানোর জন্য নেওয়া ঋণ তাঁদের আছে।
বিকাল দাস বলেন, ‘সাপ্তাহিক কিস্তিতে ঋণ নিয়ে ঘর করেছি। সপ্তাহ ঘুরলেই এনজিওর লোক এসে কিস্তি নিবে। থাকার জায়গা নেই। খাবার নেই। স্ত্রী-সন্তানেরা এককাপড়ে আছেন। কাজেও যেতে পারছি না। ঋণের টাকা কোথায় পাব? কিস্তি দিব কী দিয়া? সেই চিন্তায় পড়েছি।’
দুই সন্তান আর স্ত্রীকে নিয়ে ভুলু দাসের (৩৭) সংসার। সংসারে সচ্ছলতা ফেরাতে দুই মাস আগে একটি এনজিও থেকে ৩৫ হাজার টাকা ঋণ নিয়ে গাভি কিনে বাড়িতে লালনপালন করছিলেন তিনি। দুর্বৃত্তের দেওয়া আগুনে তাঁর বাড়িঘর পুড়েছে, লুট হয়েছে তাঁর গাভিটি। পোড়া ঘরের ভিটায় বসে তিনি বলেন, ‘আমার আর কিছুই রইল না। অকূলপাথারে পড়ে আছি। সরকার কবে কী করবে, জানি না। বিনা দোষে সাজানো–গোছানো সংসার শেষ করে দিল। খেয়ে না খেয়ে তাঁবুতে রাত কাটছে। শনিবার কিস্তি নিতে আসবে। একদিনও ছাড় দেয় না কিস্তির টাকা।’
শুধু বিকাল দাস আর ভুলু দাস নন, ওই গ্রামের বেশির ভাগ বাসিন্দা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে গাভি পালন, ঘর তৈরি, ক্ষুদ্র ব্যবসার কাজে লাগিয়েছেন।
গত রোববার রাতের হামলা ও অগ্নিসংযোগে গ্রামের ২১টি ঘর পুড়ে যায়। ভাঙচুর ও লুটপাট চালানো হয় অন্তত ৪০ বাড়িতে। এ ঘটনায় করা দুটি মামলায় গ্রেপ্তার ৪২ জন রংপুর কারাগারে আছে।