`মাথার ওপর একটু ছায়া দরকার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর কানাইখালি স্টেডিয়াম মাঠে ছাউনির নিচে তরিতরকারি বেচাকেনা চলছে। ছবিটি গতকাল রোববার দুপুরে তোলা। ছবি: মুক্তার হোসেন
নাটোর কানাইখালি স্টেডিয়াম মাঠে ছাউনির নিচে তরিতরকারি বেচাকেনা চলছে। ছবিটি গতকাল রোববার দুপুরে তোলা। ছবি: মুক্তার হোসেন

সামাজিক দুরত্ব বজায় রাখতে স্থানীয় প্রশাসন নাটোর কানাইখালি স্টেডিয়াম মাঠে অস্থায়ী বাজার তৈরি করেছে। ত্রিপলের ছাউনি দিয়ে জায়গাটি ঘেরা। ছাউনির নিচে চলে শাক–সবজি ও মাছ বেচাকেনা। তবে এই বাজারে মাছ কাটার কাজে নিয়োজিত ৩০ জন প্রবীণ নারীর (খালা) ছাউনির নিচে জায়গা হয়নি। রোদে পুড়তে থাকা 'খালারা' আক্ষেপ করেছেন এ নিয়ে।

নাটোর পৌরসভা সূত্রে জানা যায়,কঠোর নজরদারি সত্বেও নাটোর শহরের নিচাবাজারের কাঁচাবাজারে লোকসমাগম ঠেকানো যাচ্ছিল না। বাজারে আসা যাওয়ার অজুহাতে শহরে সব সময় ভিড় লেগে থাকতো। বাজারের জায়গা সংকীর্ণ হওয়ার কারণে সামাজিক দুরত্ব কার্যকর করা যাচ্ছিল না। এ অবস্থায় পৌর কর্তৃপক্ষ কানাইখালি স্টেডিয়াম মাঠে অস্থায়ী বাজার তৈরির উদ্যোগ নেয়। তবে প্রচন্ড রোদ ও বৃষ্টি এতে বাধ সাজে। অবশেষে ত্রিপলের ছাউনি দিয়ে বাজারের দোকানপাট তৈরি করা হয়। ফলে ক্রেতা বিক্রেতারা দুরত্ব বজায় রেখে আরাম আয়াসে কেনাবেচা করতে পারছেন।

তবে নূন্যতম সুবিধার ব্যবস্থা করা হয়নি বাজারে মাছ কাটার কাজে নিয়োজিত কমপক্ষে ৩০ খালার জন্য। তাঁদের বেশির ভাগই বয়সে প্রবীণ, রোগ প্রতিরোধ ক্ষমতা কম। হতদরিদ্র এসব মহিলা মাঠের পশ্চিম পাশে গাদাগাদি করে রোদ বৃষ্টির মধ্যে দীর্ঘ সময় ধরে মাছ কাটার কাজ করছেন। তাঁদের বাজারে সবাই 'খালা' বলে ডাকেন।

নাম প্রকাশ না করে এক খালা আক্ষেপ করে বলেন, 'কপাল দোষে আমরা সংসারের মাথা হয়ছি। তাই সংসারের অন্যদের ভালো রাখতে নিজের দিকে খেয়াল রাখতে পারিনি। মাঝেমধ্যেই অসুস্থ হই। কাজে আসি, রোদে পুড়ি, বৃষ্টিত ভিজি। কেউ খেয়াল করে না। মাথার ওপর একটু ছায়া খুবই দরকার।'

নাটোর সদর হাসপাতালের সাবেক আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আএমও) আবুল কালাম আজাদ জানান, মাছ কাটার কাজে নিয়োজিত খালাদের তিনি প্রায়ই দেখেন। তাঁরা সবাই অপুষ্টিজনিত সমস্যায় ভুগছেন। এক জায়গায় গাদাগাদি করে বসার কারণে তাঁদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এছাড়া সুস্থ থাকার জন্য তাঁদের মাথার ওপর ছাউনি দরকার।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী বলেন, 'বাজারের জায়গাটি আমাদের হলেও বাজার ব্যবস্থাপনা পৌরসভার হাতে। মাছ কাটা খালাদের ছাউনির জন্য মেয়রকে বলব।'
পৌর মেয়র উমা চৌধুরী জানান, বাজারটি মাত্র কয়েক দিন আগে করা হয়েছে। খালাদের জন্য ছাউনির ব্যবস্থা করা হবে। দুরত্ব বজায় রাখার বিষয়টি বলে দেওয়া হবে।