মাথার ওপর তারের জট, ঝুঁকিতে নগরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারের জটলা ফুটপাত ছুঁই ছুঁই। তা হাত দিয়ে সরিয়ে ফুটপাতে উঠছে একটি শিশু। গতকাল সকালে রাজধানীর রাজারবাগের ডিআইটি সড়ক থেকে তোলা ছবি l প্রথম আলো
তারের জটলা ফুটপাত ছুঁই ছুঁই। তা হাত দিয়ে সরিয়ে ফুটপাতে উঠছে একটি শিশু। গতকাল সকালে রাজধানীর রাজারবাগের ডিআইটি সড়ক থেকে তোলা ছবি l প্রথম আলো

ইন্টারনেট আর কেব্ল টিভির তার মাটির নিচ দিয়ে সরবরাহের কথা থাকলেও তা হচ্ছে না। ফলে রাজধানীজুড়ে বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটিগুলোতে বিপজ্জনকভাবে তারের জট ঝুলছে। কোথাও ফুটপাত বা রাস্তায় নেমে এসেছে তারের গোছা।
গত শুক্রবার মোহাম্মদপুরে এ রকম তারের গুচ্ছ ছিঁড়ে পড়ে একটি চলন্ত যাত্রীবাহী লেগুনা বিদ্যুতায়িত হয়ে যাত্রীসহ আটজন আহত হন। এসব তার বিদ্যুতায়িত হয়ে ওই ঘটনা ঘটে। কিন্তু এ জন্য কে দায়ী, পুলিশ তা খুঁজে পায়নি।
ব্যবসায়ীরা বলছেন, ভূগর্ভস্থ সুবিধা না থাকায় তাঁরা এভাবে যত্রতত্র তার ঝুলিয়ে রাখতে বাধ্য হচ্ছেন।
ইন্টারনেটের ব্রডব্যান্ড সংযোগ দিতে পাড়া-মহল্লায় প্রচুর প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বাড়ি বাড়ি প্রচারণা চালিয়ে তাঁরা ইন্টারনেট সংযোগ দিয়ে আসছেন। কিন্তু সমস্যা হচ্ছে তার। বেশির ভাগ ক্ষেত্রেই ইন্টারনেট সংযোগের ব্যবসায়ীরা বিদ্যুতের খুঁটি ব্যবহার করছেন। এক খুঁটি থেকে আরেক খুঁটি পর্যন্ত একসঙ্গে অনেকগুলো সংস্থা তার টানছে। এলোমেলোভাবে তার টানার ফলে তারগুলো রাস্তার ওপর ঝুলে পড়েছে। খুঁটিগুলোতে এসব তার একেবারে জট পাকিয়ে রয়েছে।
গত শুক্রবার মোহাম্মদপুরের কৃষি মার্কেটের সামনে এ রকম জট পাকানো তারের গুচ্ছ থেকে খসে পড়া তারে বিদ্যুতায়িত হয় একটি চলন্ত লেগুনা। গাড়িটির চালকসহ সাত যাত্রী ও এক ফুচকাবিক্রেতা বিদ্যুতায়িত হয়ে রাস্তার ওপর পড়ে যান। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আহত দুই ব্যক্তির শরীরের কিছু অংশ পুড়ে গেছে। তাঁরা এখনো চিকিৎসাধীন।
শুক্রবারের ওই ঘটনা সম্পর্কে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দীন মীর গতকাল প্রথম আলোকে বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি। ঘটনার জন্য দায়ী কাউকে শনাক্তও করা যায়নি।
এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) গণমাধ্যম শাখার সহকারী পরিচালক জাকির হোসেন খান প্রথম আলোকে বলেন, এ সমস্যা সমাধানের জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় আরও বাড়াতে হবে। অবৈধ তারের বিরুদ্ধে বিটিআরসি অভিযান চালিয়েই যাচ্ছে। কিন্তু একটা এলাকায় অভিযান চালানোর পরপরই আবারও তার টাঙিয়ে ফেলেন ব্যবসায়ীরা। এগুলো নজরদারি করার মতো পর্যাপ্ত লোকবলও নেই বিটিআরসির।
ইন্টারনেট সেবা প্রদানকারীদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) পক্ষ থেকে বলা হয়েছে, নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক বা এনটিটিএন হলো মাটির নিচ দিয়ে তারের সংযোগব্যবস্থা। উন্নত দেশগুলোর মতো ঢাকায় এনটিটিএন ব্যবস্থা চালু হলে ইন্টারনেট সচল রেখে ২৪ ঘণ্টার মধ্যে তার নামিয়ে ভূগর্ভস্থ করা সম্ভব।