মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে হরিজনদের নিয়ে প্রীতি ফুটবল
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদক ও বাল্যবিবাহবিরোধী এক প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে ৪৫–ঊর্ধ্ব বয়সী হরিজন খেলোয়াড়দের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের পাঁচ উপজেলা ও নওগাঁর তিন (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) উপজেলার খেলোয়াড়েরা এতে অংশ নেন। এর আয়োজক নাচোলের তরুণ-যুবক হরিজনদের সংগঠন ‘নাচোল হরিজন বন্ধুভ্রমণ সংগঠন’।
শাপলা ও গোলাপ দলে ভাগ হয়ে খেলোয়াড়েরা প্রতিযোগিতায় নামেন। বয়স্কদের ব্যতিক্রমী এই ফুটবল খেলা দেখতে ভিড় জমে। হরিজন নারীদের উপস্থিতিই ছিল বেশি। খেলায় গোলাপ দল ১-০ গোলে জয়ী হয়। একমাত্র গোলটি করেন পবন ভকত (৫০)। সেরা খেলোয়াড় নির্বাচিত হন খেলায় অংশগ্রহণকারীদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী শাপলা দলের গোমস্তাপুর উপজেলার তারা ভকত (৬০)।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা সুলতানা। তিনি খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
নাচোল হরিজন বন্ধুভ্রমণ সংগঠনের সভাপতি সঞ্জয় গঙ্গাপূত্র প্রথম আলোকে বলেন, হরিজন সমাজের মধ্যে মাদক ও বাল্যবিবাহের প্রবণতা ব্যাপক। তাদের মধ্যে সচেনতা সৃষ্টির লক্ষ্যেই এই প্রীতি ফুটবলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া সংগঠনটি সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছে।