মাদক ছাড়াতে শেষ পর্যন্ত ছেলেকে জেলে পাঠালেন মা
কিশোরগঞ্জের কটিয়াদীতে এক মায়ের করা অভিযোগে মাদকাসক্ত ছেলেকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার বিকেলে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্র জানায়, দণ্ডপ্রাপ্ত মো. শাওন (২০) উখরাশাল গ্রামের আবদুল মজিদের ছেলে। পাঁচ বছর আগ থেকে শাওন মাদকাসক্ত হয়ে পড়েন। হেরোইন দিয়ে শুরু। এখন ইয়াবাসহ সব ধরনের মাদক গ্রহণে অভ্যস্ত হয়ে পড়েছেন। কোনোভাবেই ছেলেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে না পারায় মা রিপনা খাতুনের ধারণা জন্মে, বিয়ে দিলে ঠিক হয়ে যাবেন। ওই ধারণা থেকে তিন বছর আগে বিয়েও করান। সন্তানও হয়। তবে মাদকে আসক্তি না কমে, আরও বাড়ে। সহ্য করতে না পেরে শেষে পাঠিয়ে দেন বিদেশ। সেখানে দেড় বছরের বেশি টিকতে পারেননি। আট মাস আগে দেশে ফিরে আসেন। দেশে এসে মাদক সেবন ছাড়া আর কোনো কাজ করেননি শাওন।
নেশা থাইক্কা ফেরাইতে বিয়া দিলাম। ঠিক হইল না। সাড়ে তিন লাখ টেহা খরচ কইরা লেবানন পাঠাইলাম। লাভ হইল না। এহন পাঠাইলাম জেলে। অহন যদি ঠিক হয়। তবে ঠিক হইব বইলা মনে হয় না।
এই অবস্থায় নেশার টাকার জন্য ঘরের প্রয়োজনীয় মূল্যবান জিনিস বিক্রি করে দেন। এখন চেয়ে টাকা না পেলে পরিবারের সবার ওপর হাত ওঠান। শাওনের আগ্রাসন থেকে মা–ও রক্ষা পাচ্ছেন না। শেষে আর সইতে না পেরে রিপনা বেগম রোববার সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলমের কাছে নালিশ করেন। মায়ের অভিযোগ পাওয়ার পর আশরাফুল আলম ঘটনাস্থলে গিয়ে শাওনকে ধরে ওই স্থানেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ছেলের বর্তমান অবস্থায় মা রিপনা খাতুন সবচেয়ে বিব্রত। ছেলেকে নেশা থেকে ফিরিয়ে আনতে অনেক চেষ্টা করেও সফল হননি। রিপনা বলেন, ‘নেশা থাইক্কা ফেরাইতে বিয়া দিলাম। ঠিক হইল না। সাড়ে তিন লাখ টেহা খরচ কইরা লেবানন পাঠাইলাম। লাভ হইল না। এহন পাঠাইলাম জেলে। অহন যদি ঠিক হয়। তবে ঠিক হইব বইলা মনে হয় না।’
ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর দিদারুল আলম। তিনি বলেন, ‘কটিয়াদীতে মাদকের আগ্রসন দিন দিন বাড়ছে। আজ হয়তো একজন মায়ের আকুতি শুনতে পেয়েছি, কিন্তু প্রকৃত অর্থে মাদকের ছোবলে আজ হাজারো মা–ছেলের সম্পর্ক শেষ পর্যায়ে নেমে গেছে।’