মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মাদকের কারণে বাংলাদেশের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, তা কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে না। মাদক নির্মূলে যে পুলিশ কর্মকর্তা ব্যবস্থা নেবেন না, তাঁর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র, কসবা ইউনিট অফিস কাম ট্রেনিং সেন্টার ও আনসার সদস্যদের জন্য নির্মিত ব্যারাক হাউসের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, রিসার্চ ইনস্টিটিউটের গবেষণার জন্য দেশে উৎপাদন বেড়েছে। স্বাধীনতার আগে সাড়ে সাত কোটি মানুষ ছিল। এরপরও অনাহারে মানুষ মারা যেত। কিন্তু এখন বাংলাদেশে ১৮ কোটি জনগণ থাকার পরেও কেউ অনাহারে মারা যায়নি। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশকে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম। সঞ্চালনা করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম। বিশেষ অতিথি ছিলেন আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারোয়ার, জেলার পুলিশ সুপার আনিসুর রহমান, চাঁদপুর-কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সেচ এলাকার প্রকল্প পরিচালক মিজানুর রহমান, জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রবিউল হক মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কসবা উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজনেরা।