মাদক বহনের দায়ে ১৩ বছরের কারাদণ্ড
মাদক বহনের দায়ে ওমর ফারুক (৩২) নামের এক তরুণকে ১৩ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাঁকে।
আজ বুধবার দুপুরে নাটোরের দায়রা জজ মো. শরীফ উদ্দীন এ আদেশ দেন। ওমর ফারুক বড়াইগ্রাম উপজেলার চরগোবিন্দপুর গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পুলিশ জানিয়েছে, ওমর ১৫টি মাদক মামলার আসামি।
মামলার বিবরণে জানা যায়, বড়াইগ্রাম থানার একজন এসআই ২০১৮ সালের ১০ মে সন্ধ্যায় উপজেলার বাগডোম বাজারে মোটরসাইকেলে করে যাওয়ার সময় ওমর ফারুককে আটক করেন। ওই সময় শরীর তল্লাশি করে ১০০টি ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ আইনে মামলা হয়। থানার উপপরিদর্শক মামুন হোসেন তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য গ্রহণ শেষে আজ দুপুরে রায় ঘোষণা করা হয়।
দায়রা জজ আদালত সূত্রে জানা যায়, রায়ে ওমর ফারুকের বিরুদ্ধে ১০০টি ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম হেরোইন বহনের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়। হেরোইন বহনের দায়ে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ইয়াবা ট্যাবলেট বহনের দায়ে তিন বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। রায় ঘোষণার পর আসামিকে নাটোর কারাগারে পাঠানো হয়ে।
দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (ভারপ্রাপ্ত) আরিফ সরকার বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি ওমর ফারুক বড়াইগ্রাম এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে ১৫টি মাদকের মামলা বিচারাধীন রয়েছে। এ প্রথম তিনি কোনো মামলায় শাস্তি পেলেন।