মাদক ব্যবসায় বাধা দেওয়ায় খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলায় পুলিশ কর্মকর্তা সুজাউল হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া মো. রাসেল গতকাল বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি বলেছেন, মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ও তাঁকে গ্রেপ্তার করায় তিনি ক্ষুব্ধ হয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। জেলে বসেই হত্যার পরিকল্পনা করেন তিনি।
ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ বলেন, পুলিশের হেফাজতে থাকা অবস্থায় রাসেল মঙ্গলবার রাতে হত্যার ঘটনার দায় স্বীকার করেন। গতকাল বিকেলে তাঁকে পাবনার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। বিচারক রেজাউল করিমের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রাসেল।
জবানবন্দিতে রাসেল বলেন, ছয় সহযোগীকে নিয়ে কারাগারে বসেই ঈশ্বরদীর পাকশী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সুজাউল ইসলামকে হত্যার পরিকল্পনা করেন তিনি। পবিত্র ঈদুল আজহার আগে রাসেলসহ এই সাতজনকে গ্রেপ্তার করায় এবং এলাকায় মাদকের ব্যবসায় বাধা দেওয়ায় তাঁরা সুজাউলের ওপর ক্ষিপ্ত ছিলেন। পরে জামিনে মুক্তি পেয়ে পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন বিকেলে তাঁরা সুজাউলকে মুঠোফোনে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান।
মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার এসআই ইসলাম হোসেন বলেন, পুলিশের এক তথ্যদাতাকেও এই হত্যাকাণ্ডে কাজে লাগানো হয়েছিল। রাসেলের সহযোগী ওই তথ্যদাতাকে খুঁজছে পুলিশ।
সুজাউল ইসলামের হাত, পা, মুখ ও চোখ বাঁধা লাশ পাকশী রেলস্টেশন-সংলগ্ন একটি হলুদের খেত থেকে গত ৫ অক্টোবর উদ্ধার করা হয়। এ ঘটনায় ফাঁড়ির এসআই রেজাউল করিম ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় আগেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের রিমান্ডে নিয়ে পাওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলার বোর্ডবাজার এলাকা থেকে গত মঙ্গলবার রাসেলকে গ্রেপ্তার করা হয়।