মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছুরিকাঘাতের দুই দিন পর যুবকের মৃত্যু
মাদক ব্যবসায় বাধা দেওয়ায় কুমিল্লা নগরের বজ্রপুর মৌলভিপাড়া এলাকায় গত বুধবার সন্ধ্যায় ছুরিকাঘাতের শিকার হওয়া মিথুন ভূঁইয়া (২৫) আজ শুক্রবার সকাল নয়টায় মারা গেছেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়ার পরপরই পুলিশ বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত এলাকা তল্লাশি করে অভিযুক্ত হামলাকারী দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তাঁরা হলেন মেরাজউদ্দিন (১৮) ও মো. রাসেল (৩০)।
নিহত মিথুন ভূঁইয়া কুমিল্লা সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের বজ্রপুর মৌলভিপাড়া চেয়ারম্যান গলি এলাকার বাসিন্দা লিটন মিয়ার ছেলে। তিনি কুমিল্লার স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার স্বেচ্ছাসেবক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা নগরের বজ্রপুর মৌলভিপাড়া চেয়ারম্যান গলিতে মিথুন ও মেরাজউদ্দিনের বাসা। এলাকায় আধিপত্য নিয়ে দুজনের মধ্যে বিরোধ চলছিল। গত বুধবার সন্ধ্যায় মেরাজউদ্দিন এলাকায় মাদক বিক্রি করছিলেন বলে খবর পান মিথুন ভূঁইয়া। মিথুন মাদক বিক্রিতে বাধা দেন। তখন মেরাজউদ্দিন ও একই এলাকার মো. রাসেলের সঙ্গে মিথুনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মেরাজ মিথুনকে ছুরিকাঘাত করেন। এ সময় মিথুন হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁর হাত কেটে যায়। স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল নয়টায় মিথুন মারা যান।
নিহত মিথুন ভূঁইয়া স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার স্বেচ্ছাসেবক ছিলেন। বুধবার সন্ধ্যায় মেরাজউদ্দিন এলাকায় মাদক বিক্রি করছিলেন বলে খবর পান মিথুন। তিনি মাদক বিক্রিতে বাধা দেন।
এদিকে মিথুনের মৃত্যুর খবর এলাকায় প্রচারিত হওয়ার পর মেরাজ ও রাসেল এলাকা ছাড়ার প্রস্তুতি নেন। কিন্তু মিথুনের অনুসারীরা পুরো এলাকায় পাহারা বসান। পুলিশও ঘটনাস্থলে এসে এলাকায় তল্লাশি শুরু করে। পরে নগরের প্রফেসরপাড়া থেকে প্রথমে মেরাজকে আটক করা হয়। এ সময় একটি বাসার দোতলা থেকে লাফ দিয়ে ডোবায় পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন রাসেল। পরে পুলিশ তাঁকে দৌড়ে ধরে ফেলে। এরপর তাঁদের কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় নেওয়া হয়।
খবর পেয়ে কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক জি এস সহিদ এবং কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল আজিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
জি এস সহিদ বলন, ‘মেরাজের পুরো পরিবার মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁদের অত্যাচারে এলাকায় মাদক নির্মূল করা যাচ্ছে না। আমরা এ হত্যার বিচার চাই।’
ওসি আনোয়ারুল আজিম বলেন, বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত ঢাকা থেকে লাশ আনা হয়নি। ময়নাতদন্তের পর লাশ আনা হবে। এরপর লাশ দাফনের পর পরিবারের সদস্যরা মামলা করবেন বলে জানিয়েছেন। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তাঁরা জেনেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে। ছুরিকাঘাতের সঙ্গে জড়িত দুজনকেই আটক করা হয়েছে। মামলায় এ দুজনকে আসামি করা হবে।