মাদক ব্যবসায়ীদের ধরে টাকা নিয়ে ছাড়ার ঘটনায় তিন পুলিশ জেলহাজতে
চট্টগ্রামের সাতকানিয়ায় দুই মাদক ব্যবসায়ীকে ধরে টাকা নিয়ে ছেড়ে দেওয়া ও ইয়াবা আত্মসাতের অভিযোগে তিন পুলিশ কনস্টেবলকে জেলহাজতে পাঠানো হয়েছে। গত রোববার পুলিশের ওই তিন সদস্যকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হলেও বিষয়টি জানাজানি হয় গতকাল সোমবার রাতে।
ওই তিন কনস্টেবল হলেন শাহ মোহাম্মদ হাসান (২৭), আরাফাত নাজিম উদ্দিন (২৬) ও বিমল চাকমা (৪৫)। তাঁরা তিনজনই সাতকানিয়ার ঢেমশা পুলিশি তদন্তকেন্দ্রের কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার উপজেলার নাপিতেরচর এলাকায় সোর্সের সহযোগিতায় দুজন মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করে ঢেমশা পুলিশি তদন্তকেন্দ্রের ওই তিন কনস্টেবল। পরে তাঁদের কাছে পাওয়া ইয়াবাগুলো নিজেদের হেফাজতে নিয়ে টাকার বিনিময়ে তাঁদের ছেড়ে দেন। পরে বিষয়টি পুলিশের মধ্যে জানাজানি হলে রোববার ওই তিন পুলিশ কনস্টেবলকে আটক করে ভাগাভাগির টাকা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। এরপর ওই তিন কনস্টেবল, দুই মাদক ব্যবসায়ী ও একজন সোর্সের বিরুদ্ধে ঢেমশা পুলিশি তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) কাজী জাহাঙ্গীর আলম বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলা করেন।
এ ব্যাপারে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমান বলেন, পুলিশের তিন কনস্টেবল, দুই মাদক ব্যবসায়ী ও একজন সোর্সের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তিন পুলিশ কনস্টেবল ও দুই মাদক ব্যবসায়ীকে জেলহাজতে পাঠানোর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন তিনি।