মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলিতে আহত র্যাব সদস্য আইসিইউতে
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলির ঘটনায় আহত র্যাব সদস্য কুমিল্লার সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। র্যাবের ওই সদস্যের নাম মো. রুবেল।
পিঠে ও কোমরে গুলি লাগায় তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন কুমিল্লা র্যাব-১১–এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২–এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। তিনি বলেন, ‘র্যাবের করপোরাল সদস্য রুবেলের অবস্থা ভালো নয়। আমরা তাঁকে আইসিইউতে রেখেছি।’
উপজেলার জোড়কানন পূর্ব ইউনিয়নের লালবাগ এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে সাদাপোশাকে থাকা র্যাব সদস্যদের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ওই র্যাব সদস্য ছাড়াও তিন মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। তাঁরা হলেন মো. সাইদুল ইসলাম ( ২২), হযরত আলী ( ২০) ও মশিউর রহমান (২১) । ওই তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া সবুজ ইসলাম (২০) ও শরীফ ইসলাম (১৯) নামের দুজন র্যাব হেফাজতে আছেন। তাঁদের নাম প্রকাশ করলেও ঠিকানা প্রকাশ করেনি র্যাব।
শুক্রবার বিকেলে র্যাব–১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদকের বড় চালান কেনাবেচার খবর পেয়ে র্যাব-১১–এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি–২–এর একটি দল বৃহস্পতিবার রাতে লালবাগ এলাকায় অভিযানে যায়। র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দূর থেকে দেখতে পান, ২০-২৫ জন মাদক ব্যবসায়ীর একটি দল মাদকদ্রব্যের বস্তা কাঁধে নিয়ে মাঠ দিয়ে যাচ্ছে। এ সময় কর্তব্যরত টহল কমান্ডার নিজেদের র্যাব পরিচয় দিয়ে তাঁদের থামতে বলেন। কোনো উত্তর না দিয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যান এবং কয়েকজন র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি করেন। এ ঘটনায় র্যাবের একজন সদস্য ও তিনজন মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে ৫৬ কেজি গাঁজা, ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২টি গুলি উদ্ধার করা হয়েছে।
মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা হবে। অপর মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ঠিকানা প্রকাশ করা যাচ্ছে না।