মাদকাসক্ত ভাতিজাকে পুলিশে দিলেন চাচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার ফরিদাবাদ গ্রামের আরিফুল ইসলাম নামের এক যুবক পাঁচ বছর আগেও মা-বাবার চোখে চোখ রেখে কথা বলতেন না। কিন্তু এই সময়ের মধ্যে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। মা-বাবাকে মারধর করেন। তাঁদের হত্যারও হুমকি দেন। এতে অতিষ্ঠ হয়ে তাঁর চাচা পুলিশে খবর দেন। গত বৃহস্পতিবার পুলিশ এসে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নেশার টাকা চেয়ে না পেলেই খেপে যেতেন আরিফুল (৩৩)। একপর্যায়ে মা-বাবাকে মারধর করতেন। তাঁদের হত্যা করবেন বলে হুমকি দিতেন। এ পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার সকালে তাঁর এক চাচা পুলিশে খবর দেন। পুলিশ এসে বাড়ি থেকে হেরোইনসহ আরিফুলকে গ্রেপ্তার করে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিঞা বলেন, আরিফুলকে গ্রেপ্তারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।