মাদকের মামলায় জামিনে মুক্তির এক দিন পর চুরি করতে গিয়ে ধরা
মেহেরপুর পৌর শহরে মাদক মামলায় জামিনে কারাগার থেকে বের হওয়ার এক দিন পর চুরি করতে গিয়ে ধরা পড়েছেন এক ব্যক্তি। আজ মঙ্গলবার সকালে সদর থানা-পুলিশের একটি দল তাঁকে চুরি করা অবস্থায় গ্রেপ্তার করে।
আটক ওই ব্যক্তির নাম খোকন আলী। তিনি মেহেরপুর পৌর শহরের কোটপাড়ার বাসিন্দা ইউনুস আলীর ছেলে। গত রোববার তিনি জামিনে জেল থেকে বের হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খোকন আলী দীর্ঘদিন ধরে মাদক সেবন করেন। মাদকের টাকা জোগাড় করতে খোকন অনেক সময় চুরি করেন বলে অভিযোগ আছে। আজ সকালে খোকন পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে রড চুরি করছিলেন। এ অবস্থায় খোকন পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়েন। পরে পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান বলেন, আটক খোকনের বিরুদ্ধে চুরির মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগেও তাঁর নামে একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে। জেল থেকে বেরিয়ে মাদকের টাকা জোগাড় করতেই ওই ব্যক্তি নির্মাণাধীন ভবনের রড চুরি করছিলেন বলে ধারণা করা হচ্ছে।