মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ কালীবাড়ি বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।
তাঁরা হলেন উপজেলার চরলুটাবর এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মো. রাজু মিয়া (৩৫), বীর লুটাবর এলাকার বিন্দু শেখের ছেলে মিন্টু শেখ (৪৫) এবং হাটবাড়ি এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে ইলিম উদ্দিন (৬৫)।
তাঁরা ঘরের টিনের বেড়া সরিয়ে নিয়ে যাচ্ছিলেন। এ সময় টিনের বেড়াটি পাশেই থাকা একটি বৈদ্যুতিক খুঁটির তারে লাগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামগঞ্জ কালীবাড়ি বাজারের ব্যবসায়ী রাজু মিয়া তাঁর একটি ঘর ভেঙে সরাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন মিন্টু ও ইলিম। তাঁরা ঘরের টিনের বেড়া সরিয়ে নিয়ে যাচ্ছিলেন। এ সময় টিনের বেড়াটি পাশেই থাকা একটি বৈদ্যুতিক খুঁটির তারে লাগে। এতে বিদ্যুতায়িত হয়ে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের দ্রুত উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনজনেরই মৃত্যু হয়।
মাদারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শামছুল হুদা খান প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কারও কোনো গাফিলতি থাকলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।