মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. বিজয় (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিজের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার কবলে পড়ে সেই ফেরা হলো লাশ হয়ে। গতকাল মঙ্গলবার রাতে মাদারগঞ্জের চরবাজিতেরপাড়া এলাকায় জামালপুর-মাদারগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।
নিহত ছাত্র চরবাজিতেরপাড়া এলাকার কালাম মণ্ডলের ছেলে। মির্জা আজম বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন বিজয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার পর মাদারগঞ্জ শহর থেকে মোটরসাইকেল বাড়ি ফিরছিলেন মো. বিজয়। চরবাজিতেরপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক জানান, নিহত কলেজছাত্রের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।