মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এমদাদুল সম্পাদক কিবরিয়া
মাদারীপুরে জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ১৪৬ ভোট পেয়ে এমদাদুল হক খান সভাপতি ও ১২৬ ভোট পেয়ে গোলাম কিবরিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে চলে ভোট গ্রহণ। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচজন নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন সিনিয়র সহসভাপতি আনিসুর রহমান, সহসভাপতি সৈয়দ নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সজীব কুমার সরকার, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক মাহাবুব হাসান, কোষাধ্যক্ষ প্রমানন্দ বিশ্বাস।
এ ছাড়া নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, মহরার সম্পাদক মো. হানিফ ব্যাপারী, লাইব্রেরি সম্পাদক মো. মফিজুর রহমান ও কার্যকরী সদস্য পদে বদরুন নাহার, তানভির আহম্মেদ, মো. এমদাদুল হক, রুবিনা আক্তার ও আজিজুল হক নির্বাচিত হয়েছেন।
বুধবার রাত ৮টার দিকে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার চিত্ত রঞ্জন মণ্ডল এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। জেলা আইনজীবী সমিতির এ নির্বাচনে ২৮৩ জন ভোটারের মধ্যে ২৭৪ জন ভোটার ভোট দিয়েছেন।