মাদারীপুরে অস্ত্রসহ বাবা ও পাঁচ সন্তান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরে অস্ত্র, গোলাবারুদসহ বাবা ও পাঁচ সন্তানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্প, ১৪ এপ্রিল দুপুর
ছবি: প্রথম আলো

মাদারীপুরে অস্ত্র, গোলাবারুদসহ বাবা ও পাঁচ সন্তানকে গ্রেপ্তার করেছেস র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার ভোরে মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মধ্যেকচর এলাকার আবদুর রশিদ ব্যাপারীর ছেলে মহিউদ্দিন ব্যাপারী ওরফে লাট্টু ব্যাপারী (৫৫) এবং বাকি পাঁচজন মহিউদ্দিন ব্যাপারীর ছেলে শাকিল ব্যাপারী (১৮), সবুজ ব্যাপারী (৩০), রাসেল ব্যাপারী (২৮), নয়ন ব্যাপারী (২২) ও ওসমান ব্যাপারী (২২)।

বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর ক্যাম্পে র‌্যাব-৮ হেড কোয়ার্টারের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি জামিল হাসান সংবাদ সম্মেলনে জানান, ১০ এপ্রিল কালকিনিতে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গেলে কুপিয়ে জখম করা হয় কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) পলাশ কুমার দাসকে। এ ঘটনায় ওই এসআই ১৬ জনকে আসামি করে থানায় মামলা করেন। পরে রাজধানীর কামরাঙ্গীরচর থেকে মামলার প্রধান আসামি মহিউদ্দিন ব্যাপারী ও তাঁর ছেলে নয়নকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যে ভিত্তিতে বৃহস্পতিবার সকালে কালকিনির ভুরঘাটা এলাকায় অভিযান চালিয়ে মহিউদ্দিন ব্যাপারীর চার ছেলে শাকিল, সবুজ, রাসেল, ওসমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি দেশীয় রিভলবার, একটি বিদেশি পিস্তল, একটি পাইপগান, একটি ম্যাগাজিন, দুটি গুলি, দুটি কার্তুজ, একাধিক মোবাইল ফোন ও আট হাজার টাকা উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব-৮ হেডকোয়ার্টারের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি জামিল হাসান বলেন, গ্রেপ্তার ছয়জন এসব অস্ত্র ও গোলবারুদ দিয়ে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি এলাকায় ত্রাস সৃষ্টি করছিলেন। তাঁদের সঙ্গে জঙ্গি সম্পৃক্ততা রয়েছে কি না, বিষয়টি খতিয়ে দেখছে র‌্যাব। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, বিস্ফোরক, সরকারি কাজে বাধা, হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের কালকিনি থানায় হস্তান্তর করা হবে।