মাদারীপুরে আইসোলেশনে ব্যবসায়ীর মৃত্যু

মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
মারা যাওয়া ওই ব্যবসায়ীর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি মাদারীপুর পৌরসভার বাসিন্দা।
সদর হাসপাতাল সূত্র জানায়, ওই ব্যবসায়ী ছয় দিন ধরে জ্বরে ভুগছিলেন। গতকাল সন্ধ্যার পর জ্বর, বমি ও শ্বাসকষ্ট দেখা দেয়। এ অবস্থায় তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অখিল সরকার প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তির উপসর্গগুলো করোনাভাইরাসের মতো ছিল। তাই তাঁকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তাঁর মৃত্যু হয়েছে। করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে স্বাস্থ্যবিধি মেনে লাশের সৎকার করা হয়েছে।
মাদারীপুরে এ নিয়ে করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন আটজন। আর কোভিড-১৯–এ আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা সাতজন। এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হিসেবে জেলায় মোট শনাক্ত হয়েছেন ৩৫৩ জন।