মাদারীপুরে আক্রান্ত অর্ধশত ছাড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

মাদারীপুরের রাজৈর উপজেলায় নতুন করে আরও তিন কিশোরের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে এ জেলার চারটি উপজেলায় কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫২। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন শিবচর উপজেলায়।

নতুন আক্রান্ত তিন কিশোরের বাড়ি রাজৈর উপজেলায়। তাদের মধ্যে একজন শারীরিকভাবে প্রতিবন্ধী। সে বাড়িতে আলাদা (আইসোলেশন) থেকে চিকিৎসা নিচ্ছে। অন্য দুজন জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ইশিবপুর ইউনিয়নের লুন্দি এলাকায় ৩ মে একজন ইমামের করোনা শনাক্ত হয়। তখন ওই ইমামের সংস্পর্শে আসা ৫০ জনের বাড়ি লকডাউন (অবরুদ্ধ) করা হয়। প্রথম দফায় ৪৭ জনের মধ্যে ২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে ৬ জনের করোনা শনাক্ত হয়। এরপর দ্বিতীয় দফায় ২১ জনের নমুনা নেওয়া হয়। তাঁদের মধ্যে গত সোমবার ওই তিন কিশোরের প্রতিবেদন ‘পজিটিভ’ আসে।

জানতে চাইলে সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম বলেন, ‘মাদারীপুরে বর্তমানে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন দুজন। সবচেয়ে বেশি ২৪ জন শনাক্ত হয়েছেন শিবচরে। এ ছাড়া রাজৈরে ১৭, সদরে ১০ ও কালকিনিতে ১ জন শনাক্ত হয়েছেন। রাজৈরে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উপজেলাটি বিশেষ নজরদারিতে রেখেছি। সংক্রমণ রোধে ও মানুষের সুরক্ষা নিশ্চিত করতে সরকারের সব বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছি।’