মাদারীপুরে আরও ৪৫ জনের করোনা শনাক্ত

মাদারীপুরে আজ বুধবার নতুন করে আরও ৪৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার চেয়ারম্যান, একজন স্বাস্থ্যকর্মী ও দুজন ব্যাংকার রয়েছেন। এ নিয়ে জেলায় কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪৬৮। আজ সন্ধ্যায় জেলা সিভিল সার্জন কার্যালয় প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, আজ দুপুরে ঢাকা থেকে ১৮৪ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন আসে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে। এতে ৪৫ জনের ‘পজিটিভ’ শনাক্ত হয়। সবচেয়ে বেশি ১৮ জন শনাক্ত হয়েছেন রাজৈর উপজেলায়। এখানে করোনা সংক্রমিতের বর্তমান সংখ্যা ১৪৭। এ ছাড়া সদর উপজেলায় হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী, দুজন ব্যাংকার ও সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান খানসহ ১৬ জন আজ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।
বর্তমানে জেলার মধ্যে সবচেয়ে বেশি ১৫২ জন শনাক্ত সদর উপজেলায়। কালকিনি উপজেলায় নতুন শনাক্ত হয়েছেন আরও ১১ জন। এ নিয়ে এখানে বর্তমানে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭। শিবচর উপজেলায় নতুন করে আজ কোনো শনাক্ত না হলেও সেখানে সংক্রমিত রোগীর সংখ্যা ৭২।
জানতে চাইলে মাদারীপুরের সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আজ শিবচরে জোনভিত্তিক লকডাউন শুরু হয়েছে। আগামীকাল থেকে পুরো জেলায় জোনভিত্তিক লকডাউন করা হচ্ছে। জেলায় বর্তমানে রোগীর সংখ্যা ৪৬৮। জেলায় সংক্রমণ কমাতে হলে আমাদের স্বাস্থ্য বিভাগ একার পক্ষে তা এখন আর সম্ভব নয়। তাই সবাইকে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা সংক্রমণ কমে আসবে।’