মাদারীপুরে ইজিবাইকের ধাক্কায় ইউপি সচিব নিহত
মাদারীপুর সদর উপজেলায় ইজিবাইকের ধাক্কায় আনিসুর রহমান (৪৬) নামের এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১১টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত আনিসুর রহমান সদর উপজেলার মোস্তফাপুর ইউপির সচিব ছিলেন।
মোস্তফাপুর ইউপি চেয়ারম্যান সোহরাব খান বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ব্যক্তিগত কাজে শহরের পুরানবাজারে যান আনিসুর রহমান। কাজ শেষে কাজীর মোড় এলাকায় দাঁড়িয়েছিলেন তিনি। ওই সময় পেছন দিক থেকে একটি ইজিবাইক তাঁকে ধাক্কায় দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই আনিসুর রহমানের মৃত্যু হয়।
মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আবু সফর হাওলাদার প্রথম আলোকে বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় আনিসুর রহমানকে হাসপাতালে নিয়ে আসা হয়। মাথায় আঘাত পাওয়ায় তাঁর প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। এ ছাড়া তাঁর রক্তচাপ মাত্রাতিরিক্ত হওয়ায় সঙ্গে সঙ্গে তাঁকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে তিনি জানতে পারেন।