মাদারীপুরে এক চিকিৎসকসহ নতুন ৫১ জনের করোনা শনাক্ত

মাদারীপুরে ‘রেড জোন’ এলাকাগুলোতে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। আজ শনিবার এক চিকিৎসকসহ নতুন শনাক্ত হয়েছেন ৫১ জন। এ নিয়ে জেলায় কোভিডে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫৪৮। আজ বিকেলে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম।
জেলার চিকিৎসকেরা বলছেন, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান সচল রয়েছে। বাজারগুলোতে নেই কোনো সামাজিক দূরত্ব। এর ফলেই প্রতিদিন বাড়ছে সংক্রমণের সংখ্যা, বাড়ছে মৃত্যু।
পুলিশ ও সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, আজ দুপুরে ঢাকা থেকে ২২৬ জনের করোনার নমুনা পরীক্ষার প্রতিবেদন আসে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে। এতে ৫১ জনের নমুনায় পজিটিভ আসে।
এক দিনে শনাক্ত ৫১ জনের মধ্যে সবচেয়ে বেশি ৩৫ জন শনাক্ত হয়েছেন সদর উপজেলায়। বর্তমান সদরে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১৯৮; যা জেলার মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত। এ ছাড়া রাজৈর উপজেলায় নতুন শনাক্ত ৭ জনসহ উপজেলায় মোট শনাক্ত ১৬৩ জন। কালকিনি উপজেলায় নতুন ৫ জনসহ মোট শনাক্ত ১০৮ জন এবং শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকসহ নতুন শনাক্ত হয়েছে ৪ জন। শিবচরে মোট শনাক্ত ৭৯ জন, যা জেলার মধ্যে সবচেয়ে কম শনাক্ত।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১২ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৪৫ জন, মারা গেছেন ১০ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১৩ জন।
জেলার স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে, গত ৮ মার্চ সারা দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়া তিনজনের একজন ছিলেন মাদারীপুরের ইতালিফেরত এক প্রবাসী।
মাদারীপুরের সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘নতুন আক্রান্ত বেশির ভাগই উপসর্গহীন। এটাই ভয়ের কারণ। আর যেহেতু এখন দিন দিন রোগীর সংখ্যা বাড়ছে, এত রোগীকে তো আর হাসপাতালে জায়গা দেওয়া সম্ভব না। তাই বেশির ভাগ রোগীকে বাসায় থেকেই চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছি। স্বাস্থ্য বিভাগ আলাদা আলাদা টিম করে করোনা পজিটিভ রোগীদের বাড়িতে গিয়ে চিকিৎসা দিচ্ছে। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে থাকা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। আক্রান্ত ব্যক্তিদের মোবাইল ফোনেও চিকিৎসা ও পরামর্শ দেওয়া হচ্ছে।’
সিভিল সার্জন জানান, রেড জোনগুলোতে পুলিশ-প্রশাসন কাজ করছে। তারা ভ্রাম্যমাণ আদালত ও টহল চলমান রেখেছে। করোনা থেকে বাঁচতে মানুষ যদি এখন সঠিক নিয়মটা মেনে চলে তাহলে সংক্রমণ কমিয়ে আনা সম্ভব।