মাদারীপুরে করোনার উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কবির কাজী (৬০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে শহরের গোলাবাড়ি এলাকায় নিজ বাড়িতে তিনি মারা যান।

কবির কাজী এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন। তিনি গতকাল সোমবার সদর হাসপাতালে গিয়ে করোনা পরীক্ষার নমুনা দিয়ে আসেন। তবে প্রতিবেদন পাওয়ার আগেই তিনি মারা গেলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার ভোর থেকে কবির কাজীর জ্বর ও শ্বাসকষ্ট বাড়তে থাকে। হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স খবর দেওয়া হয়। কিন্তু সকাল ৭টার দিকে তিনি মারা যান। তাঁর মৃত্যুর খবর জানতে পেরে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের লোকজন সেখানে গিয়ে বাড়িটি লকডাউনের ঘোষণা দেয়। সকাল ১০টায় স্বাস্থ্যবিধি মেনে ইসলামি ফাউন্ডেশনের লোকজনের উপস্থিতিতে মিলগেট পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। কবির কাজী শহরের ইটেরপুল বাজারে মুরগি বেচাকেনা করতেন।

কবির কাজীর স্বজন ইলিয়াস ব্যাপারী বলেন, ‘কবির গত সাত দিন ধরে জ্বরে ভুগছিলেন। চিকিৎসক বলেছিলেন টাইফয়েড হয়েছে। ওষুধ খেলেই সুস্থ হয়ে যাবেন। এরপরও আমরা তাঁকে সোমবার সদর হাসপাতালে নিয়ে করোনার পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসি।’

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকরাম হোসেন বলেন, গোলাবাড়ি এলাকার এক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ার খবর পেয়েই স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ওই বাড়ি পরিদর্শন করেছেন। এ ছাড়া প্রশাসনের লোকজন ও পৌরসভার মেয়র ওই বাড়িতে গিয়েছিলেন। বাড়িটি লকডাউন করা হয়েছে। মৃত ব্যক্তির নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। দু-এক দিনের মধ্যে প্রতিবেদন পাওয়া যাবে।