মাদারীপুরে কিশোর জহিরুল হত্যা মামলায় বন্ধুর স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত জহিরুলের বন্ধু নুরুজ্জামান। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ে
ছবি: প্রথম আলো

মাদারীপুরে কিশোর জহিরুল (১৬) হত্যাকাণ্ডের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তাঁর বন্ধু নুরুজ্জামান (১৮)। আজ বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

মাদারীপুর আদালত পুলিশের পরিদর্শক রমেশ চন্দ্র দাস বলেন, দুপুর আড়াইটার দিকে নুরুজ্জামানকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে তাঁর জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন।

নিহত জহিরুল ইসলাম কালকিনি উপজেলার মহরউদ্দিনচর এলাকার কাতারপ্রবাসী বারেক সরদারের ছেলে। সমিতির হাট এ কে উচ্চবিদ্যালয় থেকে জহিরুলের এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। আসামি নুরুজ্জামান কালকিনি উপজেলার মহরউদ্দিনচর এলাকার সালাম হাওলাদারের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, নিহত জহিরুলের সঙ্গে নুরুজ্জামানের বন্ধুত্ব ছিল। নুরুজ্জামান বিভিন্ন সময় জহিরুলের বাসায় যেতেন এবং একসঙ্গে রাত কাটাতেন। নুরুজ্জামান জবানবন্দিতে বলেন, তাঁরা বিভিন্ন সময় যৌনকর্মীদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতেন। সম্প্রতি এক যৌনকর্মীর সঙ্গে নুরুজ্জামানের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে জহিরুল। পরে জহিরুল ওই ভিডিও দিয়ে নুরুজ্জামানকে ব্লাকমেল করায় একপর্যায়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরে তিনি জহিরুলকে হত্যার পরিকল্পনা করেন।

এর আগে গতকাল রাতে জহিরুলের বন্ধু নুরুজ্জামানকে রাজধানীর শ্যামপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বেলা ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গোলাম মোস্তফা এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে গোলাম মোস্তফা বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদেও নুরুজ্জামান স্বীকার করেছেন ঘটনার দিন ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে তিনি জহিরুলের ঘরে যান। পরে ভোরের দিকে জহিরুলকে দা দিয়ে পেছন থেকে ঘাড়ে একটি কোপ দেন নুরুজ্জামান। পরে গলায় ছুরিকাঘাত করে সেখান থেকে পালিয়ে যান।

আরও পড়ুন

গত ২৪ ফেব্রুয়ারি নিজ ঘর থেকে জহিরুলের গলাকাটা রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত জহিরুলের বড় ভাই শাহীন সরদার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কালকিনি থানায় মামলা করেন। পর থানা-পুলিশের পাশাপাশি জেলার গোয়েন্দা পুলিশ এ হত্যার তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর শ্যামপুর থেকে গতকাল রাতে নুরুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা (অপরাধ ও প্রশাসন) ও অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) লিমন রায় উপস্থিত ছিলেন।