মাদারীপুরে জেলা প্রশাসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর জেলা প্রশাসক রহিমা খাতুনসহ ৬ জনের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। মাটি ভরাটের কাজে ব্যবহৃত চারটি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ফেলা ও অন্যান্য আটটি মেশিন ভাঙচুর করে ক্ষতি সাধন করার অভিযোগ এনে জেলার দুজন ঠিকাদার ব্যবসায়ী মামলা দুটি করেন।

আজ মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দুটি করা হয়। আদালতের বিচারক মোহাম্মদ হোসেন মামলা দুটি গ্রহণ করে শুনানি শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে আদেশ দেন।

মামলা দুটির বাদী হলেন শিবচর উপজেলার ডাইয়ারচর গ্রামের মনির সরদার এবং সাদুল্লাব্যাপারীকান্দি গ্রামের সরোয়ার ব্যাপারী।

মামলায় আসামিরা হলেন মাদারীপুর জেলা প্রশাসক রহিমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেন, শিবচরের সহকারী কমিশনার ভূমি মো. রফিকুল ইসলাম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইউসুফ হোসেন, সার্ভেয়ার মো. রাসেল হোসেন ও এমএল এস এস বাবুল মিয়া।

বাদী মনির সরদার প্রথম আলোকে বলেন, তিনি প্রশাসনের নিয়ম মেনেই কাজ করছিলেন। কিন্তু তাঁকে কোনো নোটিশ না দিয়ে হুট করে এসে যন্ত্রপাতি পুড়িয়ে ও ভাঙচুর করা হয়। এতে তাঁর ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি এ ঘটনায় আসামিদের গ্রেপ্তার করে শাস্তি দাবি করেন এবং ক্ষতিপূরণ চান।

মামলা দুটির আরজিতে অভিযোগ করা হয়, ঠিকাদারি ব্যবসা পরিচালনার জন্য স্থানীয় চৌধুরী আনিছউদ্দিন ওয়াকফ এস্টেটের মাটি ভরাট করে উন্নয়নকাজ করার জন্য চারটি ড্রেজার মেশিন দিয়ে কাজ শুরু করে। মামলার আসামিরা গত ২৮ আগস্ট বেলা একটার দিকে সেখানে গিয়ে বাদীদের চারটি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দেন এবং আরও আটটি মেশিন ভাঙচুর করে লাখ লাখ টাকার ক্ষতি সাধন করেন। এরই পরিপ্রেক্ষিতে দুজন ঠিকাদার ন্যায়বিচার চেয়ে জেলা প্রশাসকসহ ছয়জনের নাম উল্লেখ করে মামলা দুটি করেন।

এ সম্পর্কে মাদারীপুর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সিদ্দিকুর রহমান সিং প্রথম আলোকে বলেন, ‘আমি সাড়ে তিনটার পর আদালত থেকে বাসায় চলে আসি। এরপরই মামলাটি হয়। তাই মামলার বিস্তারিত আমার জানা নেই। বুধবার সকালে আমি বিস্তারিত বলতে পারব।’

মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেনের কাছে মুঠোফোনে জানতে চাইলে তাঁরা মামলার বিষয়ে জানেন না বলে জানান।