মাদারীপুরে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

মাদারীপুরে ইটবোঝাই একটি ট্রাকের চাপায় মোটরসাইকেলের আরোহী স্বামী–স্ত্রী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শেখ হাসিনা আঞ্চলিক মহাসড়কের পৌর শিশুপার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মনিরুল ইসলাম (৩৫) ও তাঁর স্ত্রী ফারজানা ইসলাম (২৮)।

এ দম্পতি পটুয়াখালী জেলার বাসিন্দা। গ্রামীণ ব্যাংকে চাকরির সুবাদে শরীয়তপুরের ডোমসার এলাকায় বসবাস করতেন। তাঁদের মধ্যে মনিরুল গ্রামীণ ব্যাংকের ডোমসা শাখার শাখা ব্যবস্থাপক ছিলেন। একই শাখার কেন্দ্র ব্যবস্থাপক ছিলেন তাঁর স্ত্রী ফারজানা। আগামী তিন দিনের ছুটিতে তাঁরা মোটরসাইকেল নিয়ে গ্রামের বাড়ি পটুয়াখালীতে যাচ্ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অফিসের কাজ শেষ করে মনিরুল তাঁর স্ত্রী ফারজানাকে নিয়ে পটুয়াখালীর উদ্দেশে রওনা দেন। তাঁদের মোটরসাইকেলটি মাদারীপুর শহরের পৌর শিশুপার্কের কাছে এলে পেছন দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এ সময় গুরতর অবস্থায় দুজনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শাহরিয়ার শাকিল বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুজন হাসপাতালে আসার আগেই মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড রক্তক্ষরণে তাঁদের মৃত্যু হয়েছে।

নিহত দম্পতির সহকর্মী মো. মোস্তাকিন খবর পেয়ে আসেন সদর হাসপাতালে। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আগামী তিন দিন ছুটি থাকায় মনিরুল ও ফারজানা একসঙ্গে মোটরসাইকেলে করে দেশের বাড়ি পটুয়াখালীতে যাচ্ছিল। পথেই সব শেষ হয়ে গেল। ওরা দুজন আমার সঙ্গে একই সময় চাকরিতে যোগ দেয়। এভাবে ওদের মৃত্যু আমরা কোনোভাবেই মানতে পারছি না।’

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা প্রথম আলোকে বলেন, ট্রাকচাপায় দুজন মারা যাওয়ার ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পরই ট্রাকটির চালক পালিয়ে গেছেন। পুলিশ চালককে ধরতে কাজ করছে।