মাদারীপুরে ঢিলেঢালা লকডাউন, স্বাস্থ্যবিধি উপেক্ষিত
করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাদারীপুরে চলছে দ্বিতীয় দিনের লকডাউন। লকডাউনের বিধি অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও জরুরি সেবা ছাড়া গণপরিবহন, বিপণিবিতান ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কথা। অথচ মাদারীপুরে যাত্রীবাহী বাস ছাড়া সবই চলাচল করছে। হাটবাজারগুলোতেও মানুষ অবাধে চলাচল করছে। এতে লকডাউন দিলেও জেলায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার সকালে মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া, হাউসদি, কালিরবাজার, মিঠাপুর, মস্তফাপুর, ঘটকচরসহ অন্তত ১০টি বাজারে গিয়ে দেখা যায়, হাটবাজারগুলোয় মানুষের উপস্থিতি আগের মতোই। লকডাউনের বিধিনিষেধ নিয়ে কারও কোনো ভাবনা নেই। মিষ্টির দোকান, খাবার হোটেল, বিপণিবিতান, চা ও মুদিদোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রয়েছে। সাধারণ মানুষও ঘুরে বেড়াচ্ছেন স্বাভাবিকভাবেই। অনেকে বাইরে বের হয়েছেন দৈনন্দিন কাজে। অনেকের মুখেই মাস্ক দেখা যায়নি। একই চিত্র রাজৈর, শিবচর ও কালকিনি উপজেলার। প্রশাসনের তেমন তৎপরতা না থাকায় লকডাউন কার্যকর করা যাচ্ছে না।
হাউসদি বাজারের ইজিবাইকচালক আলমগীর ব্যাপারী বলেন, ‘লকডাউন চলছে শুনি, কিন্তু দেখি সবাই ইচ্ছেমতো চলাফেরা করে। বাজারঘাটেও আগের মতো মানুষ আসে। তাই আমরাও ইজিবাইক চালাই। আমাদের কোনো প্রভাব পড়ে নাই এই লকডাউনে।’
চরমুগরিয়া বাজারের গার্মেন্টস ব্যবসায়ী ইকবাল হোসেন বলেন, ‘হুটহাট করে লাকডাউন দিলে কেউ তা মানবে না। করোনা রোধ করতে লকডাউন কোনো সমাধান নয়। স্বাস্থ্যবিধি মেনে চলাই হচ্ছে মুখ্য বিষয়। আমরা ব্যবসা করছি। সবাই মুখে মাস্ক রাখছি। মাস্ক ছাড়া দোকানে কাউকে ঢুকতে দিচ্ছি না।’
এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন প্রথম আলোকে বলেন, ‘লকডাউন কার্যকর করতে হাটবাজারগুলোয় একাধিক ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছেন। এ বিষয়ে প্রচার চালানো হচ্ছে। পুলিশ সদস্যরাও সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন। কোনো যানবাহনই মাদারীপুরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যেসব যানবাহন ঢুকছে, সেগুলো ফেরত পাঠানো হচ্ছে।
চলছে পিকআপ ভ্যান, অটোরিকশা
দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী যাত্রীরা বাস না পেয়ে পিকআপ ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, মাহিন্দ্রসহ থ্রি-হুইলারে ভেঙে ভেঙে মাদারীপুরে আসছে। ঢাকা-বরিশাল মহাসড়কের কয়েকটি স্থানে পুলিশের চৌকি থাকায় এসব যানবাহন আঞ্চলিক সড়ক ব্যবহার করে মাদারীপুর হয়ে বাংলাবাজার ফেরিঘাটে পৌঁছাচ্ছে। এসব যানবাহনে যাত্রীরা দ্বিগুণের বেশি ভাড়া দিয়েও দুর্ভোগের শিকার হচ্ছেন। এ যানবাহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। গাদাগাদি করে বহন করা হচ্ছে যাত্রী।
বরিশাল থেকে আসা যাত্রীদের প্রবেশদ্বার মাদারীপুরের ভুরঘাটা বাসস্ট্যান্ড। বুধবার সকাল ১০টায় ওই বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, যাত্রীরা পিকআপ ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল, মাহিন্দ্রসহ থ্রি-হুইলারে করে ভুরঘাটা হয়ে পাথুরিয়ারপাড় ও মস্তফাপুর হয়ে মাদারীপুরের আঞ্চলিক সড়ক ব্যবহার করে খাগদী বাসস্ট্যান্ডে আসছেন। এরপর এই যানবাহনগুলো দুধখালী হয়ে শিবচর উপজেলার ওপর দিয়ে বাংলাবাজার ফেরিঘাটে চলে যায়। সেখান থেকে ফেরি পারাপার হয়ে যাত্রীরা রাজধানী ঢাকায় পৌঁছে যাচ্ছেন।
ঢাকামুখী কয়েকজন যাত্রী বলেন, ইউপি নির্বাচনে তাঁরা ভোট দিতে বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় এসেছিলেন। হঠাৎ লকডাউন হওয়ায় তাঁরা বিপদে পড়েন। চাকরি বাঁচাতে অনেকটা ঝুঁকি আর দুর্ভোগ মাথায় নিয়ে ঢাকায় ছুটছেন তাঁরা।
বরিশাল থেকে ঢাকায় যাচ্ছেন সরদার মোহাম্মদ শাহ আলম নামের এক যাত্রী। তিনি প্রথম আলোকে বলেন, ‘বরিশাল বাসস্ট্যান্ডে গিয়ে কোনো গাড়ি পাইনি। পরে প্রথমে ভুরঘাটা পর্যন্ত ভেঙে ভেঙে এসেছি। এরপর একটি অটোরিকশায় ঘাটের পথে। ঘাটে আসতেই একেকজনের ১ হাজার ৫০০ টাকা চলে গেল। পরিবার নিয়ে এমন দুর্ভোগ হবে জানলে ঢাকা থেকে গ্রামেই আর আসতাম না।’
বরিশালের আরেক যাত্রী হারুণ সরদার প্রথম আলোকে বলেন, ‘লকডাউনে গরিবের কষ্ট এ ছাড়া আর কী? গ্রামে গেছি ভোট দিবার। এখন ঢাকা যাওন লাগবে। কোম্পানি আর ছুটি দিবে না। অনেক কষ্টে ভাইঙ্গা ভাইঙ্গা ঢাকা যাইতাছি।’
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার এহসানুর রহমান ভূঁইয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘লকডাউন কার্যকর করতে আমরা সার্বিকভাবে কাজ করে যাচ্ছি। গ্রামের মধ্য দিয়ে যানবাহন চলাচল করলে সেটা বন্ধ করা কঠিন কাজ। বরিশালের যাত্রীদের আসা থামাতে আমরা ভুরঘাটা এলাকায় খুব কঠোর অবস্থানে ছিলাম। কোনো গাড়ি ঢুকতে না দেওয়ায় শত শত মানুষ হেঁটে গেছে। আমরা যে কটা গাড়ি ছেড়েছি, তা মানবিক কারণে বা সরকারি কাজে ব্যবহৃত গাড়িগুলো ছাড়ছি। সার্বক্ষণিক লকডাউন কার্যকর করতে জেলার উল্লেখযোগ্য জায়গায় পুলিশ কাজ করছে। যেখানে যখন প্রয়োজন, সেখানে পুলিশ যাচ্ছে। এ ছাড়া ভুরঘাটা, মস্তফাপুর, আচমত আলী খান সেতু টোলপ্লাজাসহ বর্ডার এলাকাগুলোয় আমরা কঠোর অবস্থানে রয়েছি।’