মাদারীপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। রোববার বিকেলে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের মন্টারপোল এলাকায়
ছবি: প্রথম আলো

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আজ রোববার বিকেল পাঁচটার দিকে ইউনিয়নের মন্টারপোল এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ষষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি ঘটমাঝি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান বাবুল হাওলাদার (মোটরসাইকেল) ও প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের খলিলুর রহমান দর্জির সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষের ঘটনায় দুই চেয়ারম্যান প্রার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এ ছাড়া ঘটনাস্থল থেকে আরও চারজনকে আটক করা হয়।

আহত ব্যক্তিদের মধ্যে ১১ জনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন মনির দর্জি (৩৫), মোহাম্মদ ব্যাপারী (২৪), হায়দার খান (৪৫), সরোয়ার শেখ (৩০), রুবেল মাতুব্বর (২৫), আবু সালে (২৫), মো. ইসমাইল (১৩), সোবাহান মোল্লা (৫৫), আবদুর রহমান (২৫) ও পুলিশের পরিদর্শক (তদন্ত) এ এইচ এম সালাউদ্দিন ও সদস্য অভিজিৎ দে (২২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্র জানায়, দুই চেয়ারম্যান প্রার্থী ও তাঁদের সমর্থকেরা রোববার বিকেলে ঘটমাঝি ইউপির মন্টারপোল বাজারে প্রচারণায় নামেন। দুই পক্ষের মুখোমুখি প্রচারণাকে কেন্দ্র করে প্রথমে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। এ ছাড়া বাবুল হাওলাদারের নির্বাচনী ক্যাম্প, ১০টি মোটরসাইকেল, বেশ কয়েকটি দোকানপাটে ভাঙচুর ও লুটপাট করা হয়।

খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে পুলিশের ২ সদস্যসহ আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১৫ জন। আহত ব্যক্তিদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মনিরুজ্জামান পাভেল প্রথম আলোকে বলেন, বিকেল সাড়ে ৫টা থেকে ২ ঘণ্টায় সংঘর্ষের ২ পুলিশসহ ১১ জন হাসপাতালের চিকিৎসাসেবা নিয়েছেন। এর মধ্যে সাতজনকে ভর্তি করা হয়েছে। বাকি চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

সংঘর্ষে আহত এক পুলিশ সদস্যকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে
ছবি: প্রথম আলো

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা প্রথম আলোকে বলেন, দুই পক্ষের ছোড়া ইটপাটকেলে পুলিশের তিন–চারজন আহত হন। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। এ ছাড়া পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য দুই চেয়ারম্যান প্রার্থীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।