মাদারীপুরে দুই ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামলায় আহত এক ড্রেজার ব্যবসায়ী। সোমবার রাত ৮টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে
ছবি: প্রথম আলো

মাদারীপুরে প্রকাশ্যে দুই ড্রেজার ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় তাঁদের কুপিয়ে জখম করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

আহত ড্রেজার ব্যবসায়ীরা হলেন মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকার সাঈদ হাওলাদারের ছেলে অহিদ হাওলাদার (৩২) ও একই এলাকার এসকেনদার আলী সরদারের ছেলে কামাল সরদার (৪৫)। তাঁরা দুজন জেলা যুবদলের সাবেক নেতা। তাঁদের মধ্যে কামাল সরদার জেলা যুবদলের সাবেক সহসভাপতি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলে শহরের লঞ্চঘাট এলাকায় একটি দোকানের সামনে দাঁড়িয়ে প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন ড্রেজার ব্যবসায়ী অহিদ ও কামাল। এ সময় ১০ থেকে ১৫ জন যুবক দেশি অস্ত্রশস্ত্র নিয়ে এসে তাঁদের এলোপাতাড়ি কোপাতে থাকেন। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত দুজনকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শহরের লঞ্চঘাট এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী লঞ্চঘাট এলাকার বাসিন্দা শামীম আহমেদ বলেন, অহিদ ও কামাল আড়িয়াল খাঁ নদে অবৈধভাবে খননযন্ত্র বসিয়ে বালু উত্তোলন করে আসছিলেন। এ কারণেই স্থানীয় একটি পক্ষের সঙ্গে তাঁদের বিরোধ চলছিল। বালু উত্তোলন বন্ধ না করায় তাঁদের ওপর ক্ষুদ্ধ হয়ে ওই পক্ষ হামলা চালিয়ে থাকতে পারে।

দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক জখম রয়েছে বলে জানিয়েছেন মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক আবু সফর হাওলাদার। তিনি বলেন, আহত দুজনের মধ্যে অহিদের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানতে চাইলে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা বলেন, দুই ড্রেজার ব্যবসায়ীর ওপর কয়েকজন যুবক প্রকাশ্যে হামলা চালিয়েছেন। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। ধারণা করা হচ্ছে, ড্রেজার ব্যবসা নিয়ে বিরোধে একটি পক্ষ এ হামলা চালিয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।