মাদারীপুরে দুর্ঘটনায় ইজিবাইকের চালক নিহত, বাসে আগুন
মাদারীপুরে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের মঠেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে ইজিবাইকের চালক নিহত হওয়ার খবরে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে দুর্ঘটনাকবলিত বাসটি আটক করে আগুন ধরিয়ে দেন। এ সময় প্রায় আধা ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল।
নিহত ওই ইজিবাইকের চালকের নাম কামাল ফরাজী (৪৫)। তিনি সদর উপজেলার খোয়াজপুর এলাকার মৃত খালেক ফরাজীর ছেলে। এ ঘটনায় ওই ইজিবাইকের আরও পাঁচ যাত্রী গুরতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খুলনা থেকে ছেড়ে আসা দিদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাদারীপুর হয়ে চট্টগ্রাম যাচ্ছিল। বাসটি মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের মঠেরবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক কামাল ফরাজীর মৃত্যু হয়। এ সময় ইজিবাইকের আরও পাঁচ যাত্রী আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের গুরতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এ সময় ইজিবাইকচালকের মৃত্যুর খবরে লোকজন ক্ষুব্ধ হয়ে দুর্ঘটনাকবলিত বাসটি আটক করে আগুন ধরিয়ে দেন। এ সময় মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) এ এইচ এম সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পরই বাসটি আটক করে এলাকাবাসী আগুন ধরিয়ে দেন। তবে বাসের কোনো যাত্রীর ক্ষতি হয়নি। বাসটি এখন পুলিশি হেফাজতে।