মাদারীপুরে বাসের ধাক্কায় নিহত ২, মহাসড়ক অবরোধ
মাদারীপুরে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় অটোভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোভ্যানের দুই যাত্রী। আজ শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গাব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে দুর্ঘটনার পর গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ কারণে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। চরম দুর্ভোগে পড়েন দক্ষিণাঞ্চলের শত শত যাত্রী ও পরিবহনশ্রমিকেরা। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
দুর্ঘটনায় নিহত দুজন হলেন মাদারীপুরের ডাসার উপজেলার বালীগ্রাম ইউনিয়নের বড় ধানুসা এলাকার আমির ব্যাপারী (৩৫) ও অটোভ্যানের চালক একই উপজেলার কর্ণপাড়া গ্রামের শুকুর আলী গাজী (৩০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈগল পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে বরিশালে যাচ্ছিল। বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গাব্রিজ এলাকায় একটি অটোভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যানের চালক ও তিন যাত্রী মহাসড়কে পড়ে যান। বাসটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান শুকুর আলী। আহত তিন যাত্রীকে গুরুতর অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারা যান আমির ব্যাপারী। আহত অপর দুই যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী আজিজুল হাওলাদার প্রথম আলোকে বলেন, বাসটি দ্রুতগতিতে চলছিল। সেটি ভাঙ্গাব্রিজ এলাকায় একটি ছোট পিকআপভ্যানকে পাশ কাটাতে গিয়ে ওই অটোভ্যানকে ধাক্কায় দেয়। অথচ অটোভ্যানের চালকের কোনো দোষ ছিল না। তিনি রাস্তার এক পাশ দিয়েই গাড়ি চালিয়ে যাচ্ছিলেন।
দুর্ঘটনায় হতাহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে জড়ো হয় এলাকাবাসী। তারা ক্ষুব্ধ হয়ে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেয়। এতে মহাসড়কের উভয় দিকে দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে আসে ডাসার থানার পুলিশের একটি দল। তারা যাত্রীবাহী বাসের চালককে আটকের আশ্বাস দেয়। বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ লোকজন মহাসড়ক থেকে গাছের গুঁড়ি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, দুর্ঘটনায় সংশ্লিষ্ট ঈগল পরিবহনের বাসটি জব্দ করেছে পুলিশ। সেটি হাইওয়ে পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।