মাদারীপুরে বেশি দামে তেল বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্ধারিত দামের চেয়ে ১৭০ টাকা বেশি মূল্যে পাঁচ লিটার সয়াবিন তেল বিক্রি করায় এক ডিলারকে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায়
ছবি: প্রথম আলো

মাদারীপুরে বোতলের মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রির দায়ে এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা একটার দিকে সদর উপজেলার তাঁতিবাড়ি বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর জেলা কার্যালয় এই জরিমানা করে। এতে নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস।

যে ডিলারকে জরিমানা করা হয়েছে, তাঁর নাম মফিজুল ইসলাম। তিনি মাদারীপুর পৌরসভা এলাকার সিফাত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।

ভোক্তা অধিকারের জেলা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ লিটার সয়াবিন তেলের বোতলের মূল্য ৭৬০ টাকা লেখা থাকলেও খুচরা ব্যবসায়ীদের কাছে পাইকারি বিক্রি করা হচ্ছে ৯৩০ টাকায়। এই খবর পেয়ে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান। এ সময় ডিলার ও সিফাত এন্টারপ্রাইজের মালিক মফিজুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জান্নাতুল ফেরদাউস প্রথম আলোকে বলেন, ঈদের আগে তেল মজুত করে রাখেন ওই ডিলার। তেলের বোতলের মূল্যের চেয়ে ১৭০ টাকা বেশি দরে তিনি খুচরা বাজারে বিক্রি করছিলেন। এ জন্য তাঁকে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে প্রতিষ্ঠানটি তিন দিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ডিলারদের সিন্ডিকেট ভাঙতে নিয়মিত বাজার মনিটরিংসহ অভিযান অব্যাহত থাকবে।