মাদারীপুরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড
মাদারীপুরে ‘মাদকসম্রাট’ হিসেবে পরিচিত আনিচ হাওলাদার (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন। সাজাপ্রাপ্ত আনিচ সদর উপজেলার চরমুগরিয়া নয়াচর এলাকার মৌজ আলী হাওলাদারের ছেলে।
মামলার এজাহারে বলা হয়, ২০১০ সালের ২১ মে চরমুগরিয়া খাদ্যগুদাম থেকে ৫০ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ১৫ হাজার ৫০০ টাকাসহ আনিচ হাওলাদার এবং যশোরের হানিফ মোড়লের ছেলে এমদাদুল ইসলামকে (৩৪) গ্রেপ্তার করে সদর থানার উপপরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ। গ্রেপ্তারের এক দিন পরে এসআই সুলতান মাহমুদ বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সিদ্দিকুর রহমান সিং বলেন, মাদারীপুরের প্রখ্যাত মাদকসম্রাট আনিচ হাওলাদার। তাঁর কাছ থেকে ২০১০ সালে ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছিল। সেই মামলায় সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন। আরেক আসামির কোনো দোষ প্রমাণ না হওয়ায় তাঁকে খালাস দেন।
আদালত পুলিশের পরিদর্শক রমেশ কুমার দাস প্রথম আলোকে বলেন, যাবজ্জীবন রায় ঘোষণার সময় আসামি আনিচ হাওলাদার আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।