মাদারীপুরে মামাকে হত্যার দায়ে ভাগনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

মাদারীপুরে মামাকে হত্যার দায়ে ভাগনেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে জেলার অতিরিক্ত দায়রা জজ লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম নাসির ব্যাপারী (৩৮)। তিনি সদর উপজেলার চরকুলপদ্বী এলাকার কাদের ব্যাপারীর ছেলে। তবে নাসির মামলার পর থেকে পলাতক। মামলার অন্য সাত আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আর নিহত মামার নাম লিটন তায়ানী। তাঁর বাড়ি সদর উপজেলার কুলপদ্বী এলাকায়।

মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করায় ২০১১ সালের ২ এপ্রিল সদর উপজেলার কুলপদ্বী এলাকার মৃত মতলেব তায়ানীর ছেলে লিটন তায়ানীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর লিটনের ভাই মিজান তায়ানী ভাগনে নাসিরসহ নয়জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে একই বছরের ৭ জুন নিহত ব্যক্তির ভাগনে নাসির ও তার ভাই সুমন ব্যাপারীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন মাদারীপুর সদর মডেল থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান।

পরে আদালত দীর্ঘ যুক্তিতর্ক শেষে সাক্ষ্য–প্রমাণের ওপর ভিত্তি করে নাসিরকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। এ সময় আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস মামলার অন্য আসামি মজনু ব্যাপারী, সজীব ব্যাপারী, ইব্রাহীম মীরা, হাবুল মীরা, ফারুক মীরা, সুমন ব্যপারী ও সোহেল খানকে বেকসুর খালাস দেন। রায় ঘোষণার সময় সোহেল খান আদালতে উপস্থিত ছিলেন। এ ছাড়া মামলার আরেক আসামি মন্নান ব্যাপারী মারা যাওয়ায় তাঁকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

মাদারীপুর জজকোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) মো. সিদ্দিকুর রহমান সিং বলেন, ‘দীর্ঘ ১০ বছরের বেশি সময় পর মামলায় রায় হলো। এই রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।’

আদালত পুলিশের পরিদর্শক রমেশ চন্দ্র দাশ প্রথম আলোকে বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছেন। রায় ঘোষণার সময় আসামির কোনো স্বজনও আদালতে ছিলেন না। তবে খালাসপ্রাপ্ত একজন আসামি আদালতে ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ধরতে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।