মাদারীপুরে সিলগালা করা হাসপাতালের তালা ভেঙে যন্ত্রাংশ চুরির অভিযোগ
মাদারীপুর শহরে ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা একটি হাসপাতালের তালা ভেঙে যন্ত্রাংশ চুরির অভিযোগ উঠেছে হাসপাতালটির অংশীদার মো. ইউনুস মোল্লার বিরুদ্ধে। আজ মঙ্গলবার দুপুরে শহরের ইটেরপুর এলাকায় সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ডিজিটাল অ্যাপোলো হাসপাতাল নামের প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান।
তবে অভিযুক্ত ইউনুস মোল্লার দাবি, তাঁর বিরুদ্ধে করা অভিযোগ বানোয়াট ও ভিত্তিহীন। তাঁকে হয়রানির উদ্দেশ্যে চুরির অপবাদ দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে মনিরুজ্জামান বলেন, ডিজিটাল অ্যাপোলো হাসপাতালের অংশীদারদের মধ্যে মালিকানা-সংক্রান্ত জটিলতা ছিল, যা স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ করা হয়। গত বছরের এপ্রিল মাসে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত হাসপাতালটি সিলগালা করে বন্ধ করে দেন। সিলগালা করার কারণে হাসপাতালটিতে প্রয়োজনীয় কাগজপত্র, আসবাব ও চিকিৎসার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি আটকা পড়ে। ঘটনার কয়েক মাস পর হাসপাতালের অংশীদার ইউনুস মোল্লা সিলগালা করা হাসপাতালের সব কটি তালা ভেঙে মালামালসহ দামি যন্ত্রাংশ চুরি করে নিয়ে যান। গত রোববার চুরির বিষয়টি তাঁর (মনিরুজ্জামান) নজরে এলে তিনি গতকাল সোমবার রাতে মাদারীপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন।
মনিরুজ্জামান দাবি করেন, ‘ম্যাজিস্ট্রেট সিলগালা করার পরে সেই তালা ভেঙে আমাদের অজান্তে হাসপাতালে ঢুকে চিকিৎসার কাজে ব্যবহৃত দামি যন্ত্রপাতি চুরি করে নেন ইউনুস মোল্লা। হাসপাতালটির সিলগালা করা সব কটি তালা ভেঙে এখন নতুন তালা ঝোলানো হয়েছে। সাইনবোর্ডটি পর্যন্ত সরিয়ে ফেলা হয়েছে। সিলগালা করা হাসপাতালে কীভাবে তিনি প্রবেশ করলেন? তিনি সরকারি আইন অমান্য করেছেন। আমরা এ ঘটনার বিচার চাই।’ সংবাদ সম্মেলনে হাসপাতালটির পরিচালক জাকির দরজি, হায়দার কাজীসহ কর্মচারী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে হাসপাতালের অংশীদার ইউনুস মোল্লা প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে, তা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। আমাকে হয়রানি করার উদ্দেশ্যে চুরির অপবাদ দেওয়া হচ্ছে। সিলগালা করা তালা ভাঙা ও যন্ত্রপাতি চুরির বিষয়ে আমি কিছুই জানি না।’
মাদারীপুর সদর থানার উপপরিদর্শক আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, সিলগালা করা একটি হাসপাতালের মালামাল চুরির বিষয়ে অভিযোগ পেয়ে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।