মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় উপজেলা ছাত্রলীগের সভাপতি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম
ছবি: সংগৃহীত

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন দুজন। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের খোয়াজপুর ইউনিয়নের মধ্যেরচক পখিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রলীগ নেতার নাম তৌহিদুল ইসলাম ওরফে লিংকন (৩০)। তিনি সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে উকিলবাড়ি এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তৌহিদুল পরিবারসহ মাদারীপুর পৌর শহরের বাগেরপাড় এলাকায় থাকতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাত আটটার দিকে তৌহিদুল তাঁর মোটরসাইকেল নিয়ে শহরের বাসা থেকে বের হয়ে গ্রামের বাড়ি খোয়াজপুরে যাচ্ছিলেন। পথে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের মধ্যেরচক পখিরা এলাকার একটি ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলের জন্য জ্বালানি নেন। এরপর মহাসড়কে উঠতে গেলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১১টার দিকে তৌহিদুল মারা যান।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুটি মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। যাঁরা মোটরসাইকেলে ছিলেন, তাঁদের কারও মাথায় হেলমেট ছিল না। আহত ব্যক্তিদের মধ্যে একজনের মাথার আঘাত গুরুতর ছিল। তিনি মারা গেছেন। অন্য দুজনের অবস্থাও আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসা চলছে।