মাদারীপুরে হত্যার ২০ বছর পর পাঁচজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরে রাধা রানীকে অপহরণের পর হত্যার বিশ বছর পরে অভিযুক্ত ৫ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার বিকেলে মাদারীপুর আদালতে
ছবি: প্রথম আলো

মাদারীপুরে এক নারীকে অপহরণের পর হত্যার দায়ে ২০ বছর পর পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রাজৈর উপজেলার আমগ্রাম এলাকার তরুণ বৈদ্য, আশোক বৈদ্য, নরেন বৈরাগী, কালু বিশ্বাস এবং একই উপজেলার কদমবাড়ী এলাকার বিজয় ব্যাপারী। রায় ঘোষণার সময় আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি উপস্থিত ছিলেন। বিজয় ব্যাপারী ভারতে পলাতক।

আদালত সূত্রে জানা গেছে, ২০০২ সালের ১৪ অক্টোবর রাজৈর উপজেলার আমগ্রাম এলাকা থেকে নিখোঁজ হন একই এলাকার গুরপদ বৈদ্যর স্ত্রী রাধা রানী বৈদ্য। ঘটনার এক দিন পর তাঁর বড় ছেলে বিষ্ণুপদ বৈদ্য বাদী হয়ে রাজৈর থানায় একটি অপহরণের মামলা করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, জমিজমা নিয়ে তাঁর মা রাধা রানীর সঙ্গে পার্শ্ববর্তী তরুণী বৈদ্য, গৌরাঙ্গ বৈদ্য, আশোক বৈদ্য, কালু বিশ্বাস, নরেন বৈরাগী ও বিজয় ব্যাপারীর সঙ্গে বিরোধ চলছিল। বিরোধের জেরে রাধা রানীকে হত্যার হুমকিও দিয়েছিলেন তাঁরা। অনেক খোঁজাখুঁজির পরও রাধা রানীর সন্ধান পায়নি পুলিশ ও পরিবার। নিখোঁজের ১১ দিন পর সিরাজকাঠি গ্রামের পাখুল্লার বিলের কচুরিপানা থেকে মাথাবিহীন অর্ধগলিত একটি মরদেহ উদ্ধার করা হয়। ওই মরদেহটি রাধা রানীর বলে শনাক্ত করে তাঁর পরিবার।

২০০৩ সালের ৩০ এপ্রিল রাজৈর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মোকলেসুর রহমান ছয় আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। মামলা চলাকালে আসামি গৌরাঙ্গ বৈদ্য মারা যান। দীর্ঘ যুক্তিতর্ক শেষে ২০ বছর পর আজ এই মামলার রায় ঘোষণা করা হয়েছে।

আদালতের রায়ে খুশি বাদী ও নিহত নারীর স্বজনেরা। রাধা রানীর ছোট ছেলে গৌরাঙ্গ বৈদ্য প্রথম আলাকে বলেন, ‘আমাদের বসতঘর নিয়েই মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের সঙ্গে ঝামেলা ছিল। আমার মা সেই সময় ওদের সঙ্গে একাই আদালতে লড়েছিলেন। তাই তাঁরা মাকে হত্যা করে আমাদের জমি দখল করতে চেয়েছিলেন। দীর্ঘ ২০ বছর পর রায় পেলাম। আমরা রায়ে সন্তুষ্ট। এখন রায় দ্রুত কার্যকর হোক, এটাই প্রার্থনা করি।’

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. সিদ্দিকুর রহমান সিং প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপক্ষ রায়ে সন্তুষ্ট।

আদালত পুলিশের পরিদর্শক রমেশ চন্দ্র দাস বলেন, ‘মৃত্যুদণ্ডের রায় ঘোষণার সময় চার আসামি এজলাসে উপস্থিত ছিলেন। অপর এক আসামি ভারতে পলাতক। তাঁকে ফিরিয়ে আনতে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।’