মাদ্রাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের ৪৪ বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

শেরপুরে এক মাদ্রাসাছাত্রীকে (১৪) অপহরণের পর ধর্ষণের অপরাধে এক যুবককে দুটি ধারায় যাবজ্জীবন ও ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান আজ বুধবার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মফিদুল ইসলাম (৩৪)। তিনি ময়মনসিংহের কোতোয়ালি থানার বৈঠামারী গ্রামের চানু মণ্ডলের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) মো. গোলাম কিবরিয়া বলেন, আদালতের বিচারক ভুক্তভোগী কিশোরীকে ধর্ষণের দায়ে আসামি মফিদুল ইসলামকে যাবজ্জীবন (৩০ বছর) সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা ও তা অনাদায়ে আরও ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি আদালত অপহরণ করার অপরাধে আসামি মফিদুলকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। উভয় সাজা একসঙ্গে চলমান থাকবে।

মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার একটি দাখিল মাদ্রাসার নবম শ্রেণির এক ছাত্রীকে (১৪) আসামি মফিদুল ইসলাম বিভিন্ন সময় উত্ত্যক্ত করতেন। ২০১৩ সালের ৪ জুলাই দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মফিদুল ইসলাম ও অপরিচিত দু্ই যুবক ওই ছাত্রীকে অপহরণ করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান। এরপর মফিদুল ওই ছাত্রীকে বিভিন্ন স্থানে আটকে রেখে ধর্ষণ করেন। পরে ২০১৩ সালের ৩১ জুলাই সদর থানার পুলিশ শেরপুর শহরের কালীরবাজার বটতলা এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে। উদ্ধারের পর ওই ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এ ঘটনায় ওই ছাত্রী ২২ ধারায় আদালতে জবানবন্দি দেয়।

এ ঘটনায় ২০১৩ সালের ৫ আগস্ট ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মফিদুল ইসলামকে আসামি করে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।
আদালতের নির্দেশে মামলার তদন্ত শেষে সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) বন্দে আলী মিয়া আদালতে অভিযোগপত্র দেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ শেষে আদালত বুধবার রায় দেন।

রাষ্ট্রপক্ষের কৌসুলি মো. গোলাম কিবরিয়া রায়ে সন্তোষ প্রকাশ করেন। তবে মামলার শুরু থেকেই আসামি মফিদুল ইসলাম পলাতক থাকায় তাঁর পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।