মাধবকুণ্ড জলপ্রপাতের টিলায় আবার ধস

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মাধবকুণ্ড জলপ্রপাতে গত মঙ্গলবার রাতে আবারও ভূমিধস হয়েছে। বন বিভাগ, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা গতকাল বুধবার ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছেন।
বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে বৃষ্টিপাত হয়। এতে জলপ্রপাতের পানি পড়ার স্থানের কাছে প্রায় ২০০ ফুট উঁচু টিলার এক পাশ থেকে বেশ কিছু বড় পাথরখণ্ড ও গাছগাছালি ধসে পড়ে। এর আগে গত ১৭ ও ১৮ মে টানা বর্ষণে জলপ্রপাতের পানি পড়ার স্থানে যাওয়ার রাস্তার এক পাশের একটি টিলায় ফাটলের সৃষ্টি হয়। এ সময় ভূমিধসে পর্যটকদের বিশ্রাম নেওয়ার ছাউনি, পর্যটক পুলিশের চৌকি ও একটি শিবমন্দির ভেঙে পড়ে।
গতকাল দুপুর ১২টার দিকে সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা আর এস এম মুনিরুল ইসলাম, এলজিইডির বড়লেখা কার্যালয়ের প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, পাউবোর মৌলভীবাজার কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী-২ ইমান আলী ও বড়লেখা রেঞ্জে অতিরিক্ত দায়িত্বে থাকা জুড়ী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ কামরুল মোজাহীদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
মোহাম্মদ কামরুল মোজাহীদ বলেন, গত মঙ্গলবার রাতের বৃষ্টিতে নতুন করে ভূমিধস হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দিনে এ ঘটনা ঘটলে পর্যটকেরা দুর্ঘটনার শিকার হতেন। ওই স্থানের কাছাকাছি পর্যটকেরা যাতে না যান, সে ব্যাপারে পর্যটক পুলিশকে নজর রাখতে বলা হয়েছে। জলপ্রপাতে যাওয়ার রাস্তার পাশে ফাটল দেখা দেওয়ায় টিলাটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বৃষ্টির পানি ঢুকে টিলাটি যাতে আরও ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য ফাটল অংশ মাটি দিয়ে ভরাটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে এ কাজ শুরু হবে।