মাধবপুরে ছিনতাই করা ট্রাকচাপায় প্রাণ গেল তিনজনের
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ছিনতাই করা একটি ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলা সদরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মাধবপুর উপজেলার পূর্ব মাধবপুর গ্রামের রিকশাচালক সামাদ মিয়া (৩০), একই উপজেলার মুরাদপুর গ্রামের আনছু মিয়া (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বার চান্দুরা গ্রামের মফিজুল ইসলাম (২৮)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা–পুলিশ সূত্রে জানা গেছে, টাঙ্গাইল থেকে ছিনতাই করা একটি ট্রাক সিলেটের দিকে নিয়ে যাচ্ছিল ছিনতাইকারী। আজ সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা সদরে পৌঁছালে ট্রাকটি বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত অটোরিকশার চালকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনায় গুরুতর আহত হন অটোরিকশার দুই যাত্রী। তাঁদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তাঁরা মারা যান।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মইনুল ইসলাম বলেন, একদল ছিনতাইকারী টাঙ্গাইল থেকে একটি ট্রাক ছিনতাই করে বেপরোয়া চালিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যান। ট্রাকের মালিককে খবর দেওয়া হয়েছে বলে জানান তিনি।