মান রাখলেন 'মার্শাল আর্ট-কন্যা' সান্ত্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সান্ত্বনা রানী রায়
সান্ত্বনা রানী রায়

লালমনিরহাটের কৃষক পরিবারের সেই ‘মার্শাল আর্ট–কন্যা’ সান্ত্বনা রানী রায় উত্তর কোরিয়ার পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত ২০তম তায়কোয়ান্দো বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ব্রোঞ্জপদক পেয়েছেন। ১৫ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত পিয়ংইয়ংয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সান্ত্বনা রানী রায় ৭৫ কেজি ক্যাটাগরিতে তাঁর প্রতিপক্ষ চেক রিপাবলিকের প্রতিদ্বন্দ্বীকে চূড়ান্ত খেলায় পরাজিত করে এ সাফল্য অর্জন করেন। তিনি লালমনিরহাটের আদিতমারীর সারপুকুর ইউনিয়নের হরিদাস গ্রামের কৃষক সুবাস চন্দ্র রায়ের মেয়ে। এ প্রতিযোগিতায় তিনিসহ বাংলাদেশের মোট তিনজন খেলোয়াড় অংশ নেন।

সান্ত্বনা রানী রায় এর আগে ২০১১ সালের ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় আইটিএফ তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়, ২০১২ সালের জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় ফজিলাতুন্নেছা মুজিব আন্তর্জাতিক তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে প্রথম হয়েছিলেন। বিদেশের মাটিতেও এর আগে তাঁর সাফল্য এসেছে। এ ছাড়া ২০১৫ সালের ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত সপ্তম জাতীয় আইটিএফ তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে তিনি হয়েছিলেন সেরা খেলোয়াড়। পিয়ংইয়ংয়েও তাঁর সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকল।

বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ান্দো অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান আলী বলেন, এ ধরনের খেলায় বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় সান্ত্বনা রানী রায়ের হাত ধরে এই প্রথম বাংলাদেশের সাফল্য এল। আজ দুপুরে সান্ত্বনার দেশে ফেরার কথা রয়েছে।

সান্ত্বনা রানীর পরিবারের আর্থিক সামর্থের বিষয়টি উল্লেখ করে ১০ সেপ্টেম্বর প্রথম আলোতে ‘উড়াল দিতে পারবেন মার্শাল আর্ট–কন্যা?’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর অনেক ক্রীড়ামোদি ব্যক্তি ও প্রতিষ্ঠান সান্ত্বনার সহায়তায় এগিয়ে আসে।