প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরমালিনযুক্ত মাছ আমদানি বন্ধ করা, সরকারিভাবে পাঙাশ মাছ রপ্তানির ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিদের ভর্তুকি প্রদানের দাবিতে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গতকাল বুধবার বেলা ১১টায় মানববন্ধন হয়েছে। বাংলাদেশ মৎস্যচাষি উন্নয়ন অ্যাসোসিয়েশনের আহ্বানে স্থানীয় মৎস্যচাষিদের আয়োজনে দাউদকান্দি উপজেলার বারপাড়ায় সড়কে মাছ ঢেলে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মাছচাষি মিজানুর রহমান মিয়াজীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন মো. মন্টু, অজয় চন্দ্র দাস, খোকন মিয়া, আলী আজম প্রমুখ। বক্তারা জনস্বাস্থ্য রক্ষার্থে ফরমালিনযুক্ত মাছ আমদানি বন্ধ করা, চাষিদের উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে বাজারে দাম নিয়ন্ত্রণ এবং পাঙাশ মাছ বিদেশে রপ্তানির ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান।