মানবসেবা না করলে বিত্তবৈভবের মূল্য নেই: শ ম রেজাউল
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘নিজেকে মানবসেবায় নিয়োজিত করা না গেলে বিত্তবৈভবের মূল্য নেই। মানবসেবাই রাজনীতির সার্থকতা। মানবকল্যাণে যাঁর যাঁর অবস্থান থেকে কাজ করতে হবে। যুগে যুগে অনেক মহামানব মানুষের স্বার্থে নিজেদের উৎসর্গ করেছেন। যত দিন বেঁচে আছি মানুষের জন্য উন্নয়নমূলক কাজ করে যাব।’
আজ রোববার দুপুরে পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের দক্ষিণ গাবতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে বলেই আমাদের দক্ষিণাঞ্চলের এত উন্নয়ন হয়েছে মন্তব্য করে শ ম রেজাউল করিম আরও বলেন, ‘আমাদের সৌভাগ্য আমরা একজন শেখ হাসিনা পেয়েছি। করোনার সময়ে শেখ হাসিনার নির্দেশে অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। বর্তমান সরকার গৃহহীনদের ঘর দিয়েছে, মুক্তিযোদ্ধাদের ভাতা দ্বিগুণসহ তাঁদের ঘর বীর নিবাস তৈরি করে দিচ্ছে। অতীতে খালেদা জিয়ার আমলে কোনো উন্নয়ন হয়নি। বরং খালেদা জিয়ার আমলে হিন্দুদের নির্যাতন করা হয়েছে, আর স্বাধীনতার চিহ্নিত শত্রু রাজাকারদের প্রতিষ্ঠিত করা হয়েছে। পক্ষান্তরে শেখ হাসিনার সরকার যুদ্ধাপরাধীদের বিচার করে দেশ থেকে রাজাকার উৎখাত করেছে।’
পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক গৌতম নারায়ণ চৌধুরী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম বায়জিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, শিকদার মল্লিক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরোয়ার হাওলাদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোর্শেদ হাওলাদার, দক্ষিণ গাবতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাপ্পা দীপ্ত মিস্ত্রি প্রমুখ।
এরপর মন্ত্রী পোরগোলা থেকে শিকদার মল্লিক ইউনিয়ন পরিষদ পর্যন্ত নবনির্মিত ছয় কিলোমিটার সড়কের উদ্বোধন করেন।