মানবসেবায় মানবেন্দ্রর তিন যুগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগর উপজেলার একটি গ্রাম রহিমপুর। গ্রামে আছে রহিমপুর অযাচক আশ্রম। সেখানে রোগী দেখেন চিকিৎসক মানবেন্দ্র নাথ সরকার। এই আশ্রমেই থাকেন, বাগান করেন, অনাথ-পিছিয়ে পড়া ছেলেদের গড়ে তোলার কাজ করেন। এক-দুই বছর ধরে নয়, তিন যুগের বেশি সময় ধরে এভাবে মানবসেবায় নিজেকে জড়িয়ে রেখেছেন তিনি। লোকে তাঁকে ডাকেন ‘যুগল ব্রহ্মচারী’ নামে।

কীভাবে এমন জীবনে জড়িয়ে গেলেন, সেই গল্প করতে গিয়ে মানবেন্দ্র নাথ সরকার বলছিলেন, ‘আমি তখন কিশোর। এক পূর্ণিমার রাতে বাবা আমাকে নিয়ে ঘরের বাইরে গেলেন। বাড়ির উঠানে দাঁড়িয়ে পরম মমতায় বাবা বললেন—বড় হয়ে মানুষের জন্য কাজ করবে। বাবার ওই কথা মনের মধ্যে গেঁথে যায়। স্বপ্ন দেখি চিকিৎসক হওয়ার। ১৯৭৮ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করি। এরপর একটি প্রতিষ্ঠানে দেড় বছর কাজ করি। সেখানে কিছু ভালো লাগত না। গ্রামে ফিরে আসি। শুরু হয় রহিমপুর অযাচক আশ্রমের জীবন।’

মানবেন্দ্র নাথ সরকার রহিমপুর অযাচক আশ্রমের অধ্যক্ষ। ১৯৩১ সালে শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব আশ্রমটি প্রতিষ্ঠা করেন। ১৯৮৪ সালে এই প্রতিষ্ঠানের দায়িত্ব নেন মানবেন্দ্র। এরপর ৩৭ বছর ধরে তিনি এখানেই আছেন। সে প্রসঙ্গে তিনি বলেন, ‘আশ্রমে এসে বিনা মূল্যে রোগী দেখতে শুরু করি। অসহায় মানুষের জন্য কাজ শুরু করি। বাগান করি। কৃষিকাজ করি। দারিদ্র্য বিমোচনে কাজ করি। পিছিয়ে পড়া মানুষকে সামনে আনার চেষ্টা করি। এভাবেই তিন যুগের বেশি সময় পার করে ফেললাম।’

সেকাল আর একালের চিকিৎসা সম্পর্কে চিকিৎসক মানবেন্দ্র বলেন, ‘ভারতীয় উপমহাদেশে চিকিৎসাসেবা শুরু হয়েছিল বিনা মূল্যে। চিকিৎসক এসে রোগী দেখতেন। তখনকার চিকিৎসকদের সঙ্গে রোগীর ছিল আত্মার আর মনের সম্পর্ক। আমি ১৯৮৪ সালে দুই টাকা নিবন্ধন ফি নিয়ে রোগী দেখা শুরু করি। ১৯৯৫ সালে তা বেড়ে পাঁচ টাকা হয়।

এখন ১০ টাকা করে নেওয়া হয়। ওই টাকা নেওয়া হয় জবাবদিহির জন্য। এখন প্রতিদিন ৩০ থেকে ৪০ জন রোগী দেখি। আগে দেখতাম ৪০ থেকে ৫০ জন। সময় নিয়ে রোগী দেখার চেষ্টা করি। সমস্যার গভীরে যাওয়ার চেষ্টা করি। আমার বিশ্বাস, গ্রামের মানুষের কাছে আমাদের এই প্রজন্মের চিকিৎসকেরা ফিরে আসবেন। তাঁদের সেবা করবেন। রাষ্ট্র একজন চিকিৎসককে কেবল অর্থ উপার্জনের জন্য তৈরি করেনি, তৈরি করেছে মানবসেবা করার জন্য।’

দেবীদ্বার উপজেলার পুনরা গ্রামের রুমা আক্তার এসেছেন মানবেন্দ্রর কাছে। তিনি বলেন, ‘আমার মাথায় সমস্যা। ওনারে দেখাতে আসলাম। তিনি অনেকক্ষণ ধরে রোগী দেখেন। টাকা লাগে না।’ মুরাদনগর উপজেলার পূর্ব ধৈইর গ্রামের আবদুল মান্নান ও রাবেয়া বেগম এসেছেন তাঁর কাছে। তাঁরা বললেন, তাঁর (মানবেন্দ্র) কাছ এলে রোগ ভালো হয়ে যায়। ওষুধ নয়, ব্যবহারে। হোমনা উপজেলার মাইরচর গ্রামের রোজিনা আক্তার এসেছেন তাঁর ১০ বছরের ছেলে মো. রায়হানকে নিয়ে। বলছিলেন, ‘ছেলেটার বাতজ্বর। টাকা নাই। তাই গরিবের ডাক্তার যুগল ব্রহ্মচারীর (মানবেন্দ্র) কাছে এসেছি।’ কেবল কুমিল্লা নয়; সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী ও চাঁদপুর থেকে অনেক রোগী আসেন তাঁর কাছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রোগী দেখেন।

মানবেন্দ্র নাথ সরকার মানবসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৭ সালে প্রথম আলো-গ্রামীণফোন সম্মাননা পান। ২০০৮ সালে
এটিএন বাংলা ও ইউনিলিভার তাঁকে ‘সাদা মনের মানুষ’–এর সম্মাননা দেয়। তাঁর জন্ম ১৯৫৫ সালের ১০ জানুয়ারি কুমিল্লার মুরাদনগরের
মোচাগড়া গ্রামে। তাঁর বাবার নাম সুধীর রঞ্জন সরকার ও মায়ের নাম রেণু বালা সরকার। মাকে হারান ১৯৬৪ সালে। ১৯৭১ সালে তাঁর বাবাকে মোচাগড়া গ্রাম থেকে পাকিস্তানি হানাদার বাহিনী ধরে নিয়ে হত্যা করে। দুই ভাই ও পাঁচ বোনের মধ্যে মানবেন্দ্র দ্বিতীয়।

রোগী দেখার পাশাপাশি মানবেন্দ্র নাথ সরকার আশ্রম প্রাঙ্গণে নার্সারি করেছেন। নাম দিয়েছেন ‘স্বাবলম্বী নার্সারি’। ২০০০ সাল থেকে তিনি আশ্রমে মোমবাতি ও আগরবাতির কারখানা করেন। এখন মোমবাতির কারখানা বন্ধ। তবে আগরবাতির কারখানা চালু আছে। এর মাধ্যমে আশপাশের অন্তত ৫০টি পরিবার আর্থিকভাবে লাভবান হয়। অসহায় নারী, বৃদ্ধা ও অনাথদের জন্য তিনি উপজেলার যাত্রাপুর গ্রামের সাত একর জায়গা নিয়ে বিপন্ন মাতৃসদন ও অনাথ আশ্রম বানিয়েছেন। এ ছাড়া খাগড়াছড়িতে ছোট ছোট অন্তত সাতটি স্কুল করেছেন। সেখানে শিক্ষার্থীদের নৈতিকতার শিক্ষার ওপর জোর দেওয়া হয়।

মানবেন্দ্রর মানবসেবা নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, ‘তিনি সত্যিকারের মানবহিতৈষী, নিভৃতচারী কর্মবীর।’ কর্মবীর মানবেন্দ্র স্বপ্ন দেখেন, যত দিন তিনি বেঁচে থাকবেন, তত দিন মানুষের সেবায় কাজ করে যাবেন।